গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার দক্ষিণপাড়া এলাকায় ড্রাগন ফল চাষ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ফারুক আহমেদ। তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের এই সহকারী শিক্ষক পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি কৃষিতে নিজের মেধা ও শ্রম খাটিয়ে সফলতার মুখ দেখেছেন। তিনি ফরিদপুর গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে। ২০২০ সালের নভেম্বর মাসে স্থানীয় এক মেম্বারের কাছ থেকে চার বিঘা জমি ১০ বছরের জন্য লিজ নিয়ে তিনি এই বাগানের যাত্রা শুরু করেন।
বাগান তৈরির শুরুর দিকে প্রায় ৩২ লাখ টাকা বিনিয়োগ করে ৭৫০টি পিলার নির্মাণ করেন ফারুক। প্রতিটি পিলারে চারটি থেকে পাঁচটি করে চারা রোপণ করা হয় এবং সব মিলিয়ে প্রায় ৪ হাজার ড্রাগন চারা দিয়ে বাগানটি গড়ে তোলা হয়। বর্তমানে বাগানটিতে লক্ষাধিক ড্রাগন চারা রয়েছে। ফারুক জানান, প্রথম বছর বাগান তৈরিতে বড় অঙ্কের বিনিয়োগ করতে হলেও কোনো ফলন পাওয়া যায়নি। তবে দ্বিতীয় বছর থেকে গাছে ফল আসতে শুরু করে। বর্তমানে প্রতি সপ্তাহে প্রায় ৪০০ থেকে ৫০০ কেজি ড্রাগন ফল পাওয়া যাচ্ছে, যা পাইকারি বাজারে গড়ে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হয়।
তার হিসাব অনুযায়ী, বাগান থেকে প্রতিবছর প্রায় ১৫ থেকে ১৮ টন ড্রাগন ফল উৎপাদিত হয়, যার বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। সার, পরিচর্যা ও শ্রমিকের বেতনসহ বছরে প্রায় ৬ লাখ টাকা খরচের পর তার নিট আয় দাঁড়াচ্ছে প্রায় ১৪ লাখ টাকা। ফারুক জানান, ড্রাগন চাষে শুরুতে বিনিয়োগ বেশি হলেও সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনায় ভালো ফলন নিশ্চিত করা সম্ভব। স্থানীয় কৃষি অফিস তাকে বাগান পরিচর্যা ও চাষাবাদ বিষয়ে নিয়মিত পরামর্শ ও সহযোগিতা প্রদান করছে।
ফারুকের বাগানে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে ড্রাগন ফল উৎপাদন করা হচ্ছে, যেখানে কোনো ধরনের ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হয় না। ফলের আকার, স্বাদ ও মিষ্টতার কারণে স্থানীয় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। ফলে ফল বাজারে ওঠার আগেই পাইকাররা বাগান থেকে তা সংগ্রহ করে নিয়ে যান, যার ফলে বাজারজাতকরণে তাকে কোনো বেগ পেতে হয় না।
শ্রীপুর উপজেলা কৃষি অফিসার সুমাইয়া সুলতানা বন্যা জানান, উপজেলায় বর্তমানে পাঁচ হেক্টর জমিতে ড্রাগনের বাগান রয়েছে। কৃষি অফিস ফারুকের বাগানটি নিয়মিত তদারকি করছে এবং নিরাপদ পদ্ধতিতে চাষাবাদে তাকে সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছে। শিক্ষক ফারুকের এই সাফল্য দেখে দূর-দূরান্ত থেকে মানুষ বাগানটি দেখতে আসছেন এবং অনেক নতুন উদ্যোক্তা ড্রাগন চাষে অনুপ্রাণিত হচ্ছেন।

