পোলট্রি ফিডের বাজারে বর্তমানে চরম নৈরাজ্য চলছে। গত এক মাসের ব্যবধানে ফিডের দাম ৯ থেকে ২৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে খামারিদের ওপর। লোকসানের বোঝা সইতে না পেরে অনেক খামারি তাদের খামার বন্ধ করে দিচ্ছেন, আবার অনেকে বাধ্য হয়ে উৎপাদন কমিয়ে দিয়েছেন। সংশ্লিষ্টরা সতর্ক করে বলেছেন, ফিডের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অব্যাহত থাকলে দেশের পোলট্রি খাত বড় ধরনের সংকটে পড়বে, যার ফলে শেষ পর্যন্ত ভোক্তাদেরই বাড়তি দামের ঘাটতি টানতে হবে।
সোমবার বাজার পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, ফিড তৈরির প্রধান উপাদানগুলোর প্রায় সবকটির দামই বেড়েছে। ১৩ শতাংশ আর্দ্রতার ভুট্টা সোমবার কেজিপ্রতি ৩৮ টাকা ৮০ পয়সায় বিক্রি হয়েছে, যা এক মাস আগে ছিল ৩১ টাকা ৩০ পয়সা। ডি-অয়েলড রাইস ব্রান (ডিওআরবি) মাসের ব্যবধানে ২৬ টাকা থেকে বেড়ে ৩৩ টাকায় এবং ১৬ শতাংশ তেলযুক্ত চালের কুঁড়া ৩৩ টাকা থেকে বেড়ে ৩৯ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সয়াবিন মিলের দাম ৫৮ টাকা থেকে বেড়ে ৬৬ টাকা এবং সরিষার খৈল ৩৬ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ৩৯ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে।
ফিড উৎপাদনে ব্যবহৃত অন্যান্য প্রোটিন উৎসের দাম বাড়ার পাশাপাশি ডলারের বিনিময় হারের ওঠানামাও আমদানিনির্ভর এই পণ্যের দামে প্রভাব ফেলছে। আন্তর্জাতিক বাজারেও ভুট্টার দাম প্রতি টন ২৩৫-২৪০ ডলার থেকে বেড়ে প্রায় ২৯০ ডলারে পৌঁছেছে। এর ফলে পোলট্রি, মাছ ও গবাদিপশু উৎপাদনের খরচও পাল্লা দিয়ে বাড়ছে।
দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ির পোলট্রি খামারি মো. হাসান জানান, তার খামারে প্রতি মাসে ব্রয়লার মুরগির জন্য ৭০ বস্তা খাবার প্রয়োজন হয়। কিন্তু ফিডের দাম দুই দফায় বাড়ার পর তিনি এখন ৬০ বস্তা খাবার দিচ্ছেন। এতে মুরগির কাঙ্ক্ষিত ওজন হচ্ছে না এবং বাজারে ভালো দামও পাওয়া যাচ্ছে না। তিনি আরও জানান, ফিডের পাশাপাশি গত কয়েক মাসে ওষুধ ও ভ্যাকসিনসহ অন্যান্য উপকরণের দামও বেড়েছে।
বাংলাদেশ প্রান্তিক পোলট্রি খামারি পরিষদের সাধারণ সম্পাদক রাসেল প্রধান জানান, ফিডের কাঁচামালের সংকট মোকাবিলায় স্থানীয়ভাবে উৎপাদিত ডিওআরবি ও রাইস ব্রানের সরবরাহ নিশ্চিত করা জরুরি। প্রয়োজনে এসব পণ্যের রপ্তানিতে সাময়িক নিষেধাজ্ঞা বা কঠোর নিয়ন্ত্রণ আরোপের পরামর্শ দেন তিনি। এছাড়া আমদানিকৃত কাঁচামালের ওপর ভ্যাট, কর ও শুল্ক কমানো এবং বাজারে কৃত্রিম সংকট ঠেকাতে নজরদারি বাড়ানোর দাবি জানান তিনি।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল নিউট্রিশন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. শফিকুর রহমান শিশির বলেন, ডিওআরবি ও রাইস ব্রানের মতো স্থানীয় কাঁচামালের ক্ষেত্রে অভ্যন্তরীণ চাহিদা পূরণকে অগ্রাধিকার দিতে হবে। তবে রপ্তানির সুযোগ পুরোপুরি বন্ধ না করে উৎপাদক ও স্থানীয় শিল্পের স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে আমদানি পর্যায়ের কর ও শুল্ক সাময়িকভাবে সমন্বয় করা যেতে পারে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, খামারিদের উৎপাদন ব্যয় কমাতে সরকার কাজ করছে। নিরাপদ ও সাশ্রয়ী মূল্যে পোলট্রি পণ্য নিশ্চিত করতে ফিডসহ অন্যান্য উপকরণের ব্যয় কমানোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। খামারি ও উদ্যোক্তাদের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

