সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোট ব্যাংক’ তকমা ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অতীতে ফ্যাসিবাদী শক্তি সনাতন ধর্মাবলম্বীদের কেবল একটি ‘ভোট ব্যাংক’ হিসেবে গণ্য করত। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীরা সেই ভ্রান্ত ধারণা ও মিথ ভেঙে দিয়েছেন। প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম। শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পলাশী মোড় থেকে শুরু হওয়া জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত র‌্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধানে সব ধর্মের অনুসারীদের ধর্মচর্চা ও ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে এবং রাষ্ট্র তা নিশ্চিত করবে। তিনি আরও বলেন, সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না। সব ধর্মাবলম্বীর উপাসনালয় স্থাপন এবং এসব উপাসনালয়ের কর্তাদের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা শুধু সেটা কিতাবে বা সংবিধানে ধারণ করেই বসে থাকতে চাই না। বাস্তবে আমরা এই সম্প্রীতি ও স্বাধীনতা নিশ্চিত করব এবং আমরা সেই ঘোষণা দিয়েছি।’

তিনি দেশবাসীকে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের মধ্যে সম্প্রীতি থাকবে। এই একটাই হবে আমাদের পরিচয়। আমাদের নেতা বলেছেন—সবার আগে বাংলাদেশ। যদি সবার আগে বাংলাদেশ হয়, তাহলে আমরা সবার আগে বাংলাদেশি, তারপরে আমাদের ধর্মীয়, সাংস্কৃতিক বা নৃতাত্ত্বিক পরিচয়। সবার আগে বাংলাদেশি এবং সবার জন্য বাংলাদেশ।’

স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে স্বাধীন নাগরিক হিসেবে পরিচয় দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের কোনো নাগরিক যেন নিজেদের সংখ্যালঘু হিসেবে পরিচয় না দেন। ধর্মের ভিত্তিতে নয়, বরং নাগরিকত্বের ভিত্তিতে পরিচয় দিতে হবে। তিনি আরও বলেন, ‘আমরা আজকে থেকে কী বলব? ধর্মীয় সম্প্রীতি বজায় রাখব। সামাজিক সম্প্রীতি এবং শান্তি বজায় রাখব। কেউ আর সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দের উল্লেখ করার প্রয়োজন নেই। এটা হবে ধর্মীয় সম্প্রীতি, সহাবস্থান এবং সামাজিক শান্তি ও সম্প্রীতি।’