ভারতীয় ভিসা প্রত্যাশীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান হাইকমিশনের

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন দেশটির ভিসা প্রত্যাশীদের দালাল ও প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য একটি জরুরি বার্তা দিয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেইজের মাধ্যমে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়।

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এক শ্রেণির দালাল বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভিসা প্রার্থীদের বিভ্রান্ত করছে। তারা ‘নিশ্চিত ভিসা’, ‘দ্রুত প্রক্রিয়াকরণ’ এবং ‘নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লট’ দেওয়ার মতো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে। এসব প্রতারক চক্রের কথায় বিশ্বাস করলে আবেদনকারীদের অর্থ ও গুরুত্বপূর্ণ সময় নষ্ট হওয়ার পাশাপাশি ভিসা আবেদনও ঝুঁকির মুখে পড়তে পারে।

সতর্কবার্তায় আরও স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো অননুমোদিত ব্যক্তি বা এজেন্টের কাছে টাকা, ব্যক্তিগত তথ্য কিংবা প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করা যাবে না। এছাড়া ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদনকারীদের সরাসরি নির্ধারিত সরকারি ভিসা প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করার পরামর্শ দিয়েছে হাইকমিশন।