যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অ্যান্ডি বার্নহাম। সোমবার বাকিংহাম প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর তিনি আনুষ্ঠানিকভাবে সরকারপ্রধানের দায়িত্ব বুঝে নেন। ২০২২ সালে সিংহাসনে আরোহণের পর রাজা চার্লসের নিয়োগ পাওয়া চতুর্থ প্রধানমন্ত্রী তিনি। বার্নহাম গত এক দশকের কিছু বেশি সময়ের মধ্যে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন। ডাউনিং স্ট্রিটে পৌঁছালে তার স্ত্রী মেরি-ফ্রান্স ভ্যান হিল এবং তার মা তাকে স্বাগত জানান।
দায়িত্ব নিয়েই বার্নহাম নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠায় দ্রুত পদক্ষেপ নিয়েছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের ঘনিষ্ঠ র্যাচেল রিভস ও ডেভিড ল্যামিসহ বেশ কয়েকজনকে মন্ত্রিসভা থেকে বাদ দিয়েছেন। একই সঙ্গে ঘনিষ্ঠ সহযোগীদের পদোন্নতি দিয়েছেন। নতুন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী জন হিলি এবং পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে এড মিলিব্যান্ডকে। এছাড়া বামপন্থী নেত্রী অ্যাঞ্জেলা রেইনার সরকারে ফিরেছেন এবং ওয়েস স্ট্রিটিংকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। আশ্রয়প্রার্থী-সংক্রান্ত সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে শাবানা মাহমুদকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে।
ডাউনিং স্ট্রিটের সামনে নিজের প্রথম ভাষণে বার্নহাম একটি ‘নতুন রাজনৈতিক মডেল’ ও ‘নতুন অর্থনীতি’ গড়ার প্রতিশ্রুতি দেন। তিনি জানান, ব্রিটেনকে আবারও স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে তিনি ১০ বছরের একটি পরিকল্পনা বাস্তবায়ন করবেন। জীবনযাত্রার ব্যয় কমানো এবং ব্রিটেনে পুনরায় শিল্পায়নের পাশাপাশি ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও গৃহহীনদের সমস্যা সমাধানের ওপর তিনি জোর দিয়েছেন।
দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই বার্নহাম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ট্রাম্পের সঙ্গে আলোচনায় বাণিজ্য, সামরিক সহযোগিতা এবং হরমুজ প্রণালীর মাইন অপসারণের বিষয়গুলো উঠে আসে। ট্রাম্প জানিয়েছেন, বার্নহামের সঙ্গে তার আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং খুব শিগগিরই তারা সাক্ষাৎ করবেন। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আলাপে বার্নহাম রাশিয়ার হামলার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষায় যুক্তরাজ্যের অটল প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।
৫৬ বছর বয়সী বার্নহাম ব্রিটেনে পুনরায় শিল্পায়ন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং সড়কে খোলা আকাশের নিচে রাত কাটানোর অবসান ঘটানোর অঙ্গীকার করেন। স্টারমারের বিদায়ের পর বাকিংহাম প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে তিনি আনুষ্ঠানিকভাবে সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

