হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনের ভিত্তিতে ২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি পৃথক প্যাকেজ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) আনুষ্ঠানিকভাবে এই প্যাকেজগুলোর বিস্তারিত তুলে ধরেন।
ঘোষিত হজ প্যাকেজ-১ এর আওতায় মোট খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এই প্যাকেজের হজযাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে ১০০০ থেকে ১৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসন সুবিধা পাবেন। এছাড়া মিনায় জোন-২ এ তাঁবুর ব্যবস্থা থাকবে এবং মিনা-আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ ক্যাটাগরির খাবার সরবরাহ করা হবে। সাধারণত এই প্যাকেজের হজযাত্রীদের সৌদি আরবে অবস্থানের মেয়াদ ৩৫ থেকে ৪০ দিন হবে। তবে অতিরিক্ত অর্থ প্রদানের মাধ্যমে রুম আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজ সুবিধা নেওয়ার সুযোগ রয়েছে।
অন্যদিকে, হজ প্যাকেজ-২ বা সাশ্রয়ী প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এই প্যাকেজের হজযাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে মসজিদে নববী থেকে ৮০০ মিটারের মধ্যে থাকার ব্যবস্থা পাবেন। এই প্যাকেজের মিনায় তাঁবুর অবস্থান হবে জোন-৫ এ এবং এখানেও মিনা-আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ ক্যাটাগরির খাবার সরবরাহ করা হবে। সৌদি সরকারের বিধান অনুযায়ী, হোটেল যদি হারাম শরীফ থেকে দুই কিলোমিটারের বেশি দূরে অবস্থিত হয়, তবে হজযাত্রীদের জন্য সালাওয়াত বাসের ব্যবস্থা নিশ্চিত করা হবে।

