আটলান্টিক মহাসাগরে ২৭ দিন ভেসে থাকার পর ৪৪ অভিবাসী উদ্ধার

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ০৭। আটলান্টিক মহাসাগরে দীর্ঘ ২৭ দিন ধরে ভেসে থাকা একটি নৌকার সন্ধান পেয়েছে স্পেনের সমুদ্র উদ্ধারকারী দল। বুধবার গ্রান কানারিয়ার উপকূলীয় শহর আরগুইনেগুইনের প্রায় ৬৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে নৌকাটি ভাসমান অবস্থায় পাওয়া যায়। এই উদ্ধার অভিযানে ৪৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে নৌকাটিতে থাকা ৮০ জনেরও বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধারকারী সংস্থা সূত্রে জানা গেছে, নৌকাটিতে শুরুতে ১২৭ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে, যদিও সঠিক সংখ্যাটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। নৌকাটিতে একটি শিশুও ছিল। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর পর নৌকাটির ভেতর থেকে পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে। তবে সমুদ্র উত্তাল থাকায় এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০ নট ও ঢেউয়ের উচ্চতা ২ দশমিক ৫ মিটার হওয়ায় উদ্ধারকারীরা ওই লাশগুলো তীরে আনতে পারেননি।

ধারণা করা হচ্ছে, নৌকাটি আগস্টের শুরুর দিকে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া থেকে যাত্রা করেছিল। উদ্ধার হওয়া ৪৪ জনই সাব-সাহারা আফ্রিকার পুরুষ। তাদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের সমুদ্রপথে গ্রান কানারিয়ায় নিয়ে আসা হয় এবং বৃহস্পতিবার ভোরে তারা সেখানে পৌঁছান।

স্পেনভিত্তিক দাতব্য সংস্থা কামিনান্দো ফ্রন্তেরাসের প্রতিষ্ঠাতা হেলেনা মালেনো গারসনের তথ্য অনুযায়ী, নৌকাটিতে থাকা ৮৩ জন মারা গেছেন। ক্যানারি দ্বীপপুঞ্জ সরকারের প্রধান ফার্নান্দো ক্লাভিহো এই মর্মান্তিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, আটলান্টিক মহাসাগর এখনো অভিবাসীদের জন্য একটি মৃত্যুফাঁদ হয়ে আছে এবং এই প্রাণহানি মেনে নেওয়া যায় না। পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার এই রুটটি বিশ্বের অন্যতম প্রাণঘাতী অভিবাসনপথ হিসেবে পরিচিত, যেখানে দীর্ঘ সমুদ্রযাত্রা ও প্রতিকূল পরিবেশের কারণে প্রতিবছর অসংখ্য মানুষ প্রাণ হারান।