সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ঢাকার শ্রীপুর থেকে বরগুনার পাথরঘাটায় আসা ১৫ বছর বয়সী এক মুসলিম কিশোরী ও ১৭ বছর বয়সী এক হিন্দু কিশোরকে পুলিশ হেফাজতে নেওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খাঁন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে হোয়াটসঅ্যাপের একটি গ্রুপের মাধ্যমে ওই কিশোর-কিশোরীর পরিচয় হয়। এরপর থেকেই তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল। কিশোরীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মেয়েটির জন্য বিয়ের পাত্র দেখা শুরু হলে সে কাউকে কিছু না জানিয়ে ১ সেপ্টেম্বর বাসে করে পাথরঘাটার উদ্দেশে রওনা দেয়। পরদিন সকালে মঠবাড়িয়ায় পৌঁছানোর পর ওই কিশোর তাকে মোটরসাইকেলে করে পাথরঘাটার বড়ইতলা এলাকায় নিয়ে আসে। স্থানীয়দের নজরে বিষয়টি এলে পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম জানান, হিন্দু পরিবারের বাড়িতে একজন মুসলিম কিশোরী এসেছে এমন খবর পাওয়ার পর পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। সমাজকর্মী মহিউদ্দিন ইসমে জানান, অপ্রাপ্তবয়স্ক দুই কিশোর-কিশোরীর এভাবে যোগাযোগ এবং একা দূরবর্তী এলাকায় চলে আসার ঘটনায় তাদেরকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছিল।
কিশোরীর বাবা জানান, মেয়ের এভাবে পাথরঘাটায় চলে আসার বিষয়টি জানতে পেরে তিনি হতবাক হন। পরে পুলিশের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা পাথরঘাটায় গিয়ে মেয়েকে নিয়ে আসেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁন বলেন, ছেলে-মেয়ে দুজনই অপ্রাপ্তবয়স্ক এবং এ ঘটনায় কোনো মামলা বা অভিযোগ করা হয়নি। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

