সব নাগরিকের জন্য আসছে ইউনিফায়েড ডিজিটাল আইডেন্টিটি বা এক-আইডি

দেশের সব নাগরিককে একটি একক ও স্থায়ী পরিচয়পত্রের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। ‘ইউনিফায়েড ডিজিটাল আইডেনটিটি’ বা ‘এক-আইডি’ নামে পরিচিত এই পরিচয়পত্র জন্মের পরপরই শিশুরা পাবে। এর ফলে সারা জীবন স্বাস্থ্য, শিক্ষা এবং সরকারি সব ধরনের সেবা পাওয়ার ক্ষেত্রে নাগরিকরা এই একটি কার্ডই ব্যবহার করতে পারবেন। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ ‘ডিজিটাল সার্ভিস ট্রান্সফরমেশন ফর অ্যাকসেস অ্যান্ড রেজিলিয়েন্স’ (ডি-স্টার) নামে একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পটি ২০২৬ থেকে ২০৩১ সাল মেয়াদে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে এবং অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের তথ্যমতে, এই একক পরিচয়পত্র চালু হলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো বর্তমানে প্রচলিত বিভিন্ন কার্ডের কার্যকারিতা ধীরে ধীরে কমে আসবে। কৃষক কার্ড দিতে খরচ হবে ৬৮১ কোটি টাকা। বর্তমানে অনেক নাগরিকের একাধিক জন্মনিবন্ধন বা পাসপোর্টের মতো সমন্বয়হীনতা রয়েছে, যা নতুন এই ব্যবস্থার মাধ্যমে দূর হবে। তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ এই ধারণাকে ‘ওয়ান সিটিজেন, ওয়ান ডিজিটাল আইডি, ওয়ান ওয়ালেট’ হিসেবে আখ্যায়িত করেছেন, যার মাধ্যমে একজন নাগরিকের একটিমাত্র ডিজিটাল পরিচয় ও লেনদেনের মাধ্যম থাকবে।

প্রকল্পের প্রাথমিক প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ জনশুমারির তথ্যের ভিত্তিতে ১৮ কোটি নাগরিকের জন্য এই কার্ড তৈরির পরিকল্পনা করা হয়েছে, তবে কার্ড উৎপাদন ও মুদ্রণ করা হবে ২০ কোটি। প্রতিটি পলিকার্বোনেট চিপ কার্ড উৎপাদন ও মুদ্রণে ব্যয় ধরা হয়েছে দুই ডলার বা ২৪৬ টাকা এবং বিতরণ ও সরবরাহ বাবদ ব্যয় হবে এক ডলার বা ১২৩ টাকা। সব মিলিয়ে প্রতিটি কার্ডে ৩৬৯ টাকা ব্যয় হবে। প্রকল্পের মোট ৯ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ের মধ্যে সরকার ৭ হাজার ৬৬৩ কোটি টাকা জোগান দেবে এবং বাকি ১ হাজার ৫৩০ কোটি টাকা বিশ্বব্যাংকের ঋণ হিসেবে আসবে। কার্ডের উৎপাদন, মুদ্রণ ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহের খাতে সবচেয়ে বড় অংশ অর্থাৎ ৭ হাজার ৩৮০ কোটি টাকা ব্যয় হবে।

বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যমান এনআইডি, জন্মনিবন্ধন, পাসপোর্ট ও টিআইএনের মতো তথ্যভান্ডারগুলোর মধ্যে আন্তসংযোগ নিশ্চিত করা গেলে নাগরিকদের ভোগান্তি কমবে। তবে বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এই প্রকল্পের বিশাল ব্যয় নিয়ে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেনের মতে, নতুন প্রকল্প নেওয়ার আগে বর্তমান এনআইডি কার্ডকে একক পরিচয়পত্র হিসেবে ব্যবহারের বিষয়টি ভেবে দেখা যেতে পারে।

ফ্যামিলি কার্ড তৈরি ও তথ্য সংগ্রহে ব্যয় ১ হাজার ৯০৬ কোটি টাকা।