সরকারি আবাসন পরিদপ্তর এ, বি ও সি শ্রেণির সরকারি বাসা বা বাড়ি সরাসরি বরাদ্দ না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। ‘বাংলাদেশ অ্যালোকেশন রুলস, ১৯৮২’ অনুযায়ী এখন থেকে এসব বাসা বা বাড়ি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে তাদের কোটা যথাযথভাবে সমন্বয়ের মাধ্যমে বরাদ্দ দিতে হবে। গত ১ সেপ্টেম্বর মঙ্গলবার সরকারি আবাসন পরিদপ্তর থেকে দেশের সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে স্পষ্ট করা হয়েছে যে, ‘বাংলাদেশ অ্যালোকেশন রুলস, ১৯৮২’-এর রুল-৬ অনুযায়ী এ, বি ও সি শ্রেণির সরকারি বাসা বরাদ্দ দেওয়ার মূল কার্যক্রম সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোই সম্পন্ন করে থাকে। এক্ষেত্রে সরকারি আবাসন পরিদপ্তরের দায়িত্ব হলো আবাসনের কোটা বিন্যাস ও সমন্বয় করা। এই নিয়মের আলোকে পরিদপ্তর থেকে সরাসরি বরাদ্দ না দিয়ে মন্ত্রণালয়গুলোকে তাদের নিজস্ব কোটা সমন্বয় করতে বলা হয়েছে।
সরকারি রাজস্ব আদায় ও সুষ্ঠু বরাদ্দ ব্যবস্থাপনার স্বার্থে তিন মাসের বেশি সময় ধরে খালি পড়ে থাকা বাসাগুলোকে আবাসনের পুলে এনে প্রাধিকারভুক্ত কর্মচারীদের অনুকূলে বরাদ্দ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত রয়েছে। এর আগেও কিছু বাসা উপযুক্ত কর্মচারীদের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সরকারি আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্দ কমিটি-১-এর গত ৩০ জুনের সভায় আলোচনা হয়। সভায় গৃহীত সুপারিশ অনুযায়ী, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

