জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান, পরিকল্পনা কমিশনে এহছানুল হক

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। তিনি বর্তমানে চুক্তিতে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগ ও বদলির আদেশ জারি করা হয়।

মো. কামরুজ্জামান চৌধুরী বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। চলতি বছরের ৩ মার্চ তাকে এক বছরের চুক্তিতে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। সেই চুক্তির মেয়াদ আগামী বছরের ৩ মার্চ শেষ হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, মো. এহছানুল হকও চুক্তিতে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের ১৭ আগস্ট তাকে দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয় এবং পরদিন ১৮ আগস্ট তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে যোগদান করেন। পরবর্তীতে গত বছরের ১২ অক্টোবর তাকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে বদলি করা হয়েছিল। গত ১৭ আগস্ট তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও তখন তার চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। এরপর তাকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হলো।