হাজতখানায় কেক কাটার অভিযোগ জিয়াউল আহসানের বিরুদ্ধে

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় থাকাকালীন নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করছেন বলে গুরুতর অভিযোগ করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। বুধবার ট্রাইব্যুনালের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জিয়াউল আহসান হাজতখানায় কেক কেটেছেন এবং টিফিন ক্যারিয়ারে করে আনা খাবার অন্যদের সঙ্গে ভাগ করে খেয়েছেন। চিফ প্রসিকিউটর আরও জানান, তাদের কাছে তথ্য রয়েছে যে জিয়াউল আহসান যেকোনো সময় নাশকতামূলক বা ‘স্যাবোটাজের’ ঘটনা ঘটাতে পারেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রেজিস্ট্রার জেনারেলকে অবহিত করা হয়েছে এবং প্রসিকিউশন দপ্তরের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সরকারের সময় শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বুধবার মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পুলিশের গাড়ি থেকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়ার সময় জিয়াউলের গায়ে ভেস্ট এবং হাতে হাতকড়া দেখা গেছে। প্রসিকিউশন পক্ষ জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকির কারণেই তাকে হাতকড়া পরানো হচ্ছে। এর আগে মঙ্গলবারও তাকে হাতকড়া পরিয়ে হাজতখানায় নিতে দেখা যায়, যা আগে দেখা যেত না। এছাড়া চিফ প্রসিকিউটর উল্লেখ করেন, জিয়াউল আহসানের বোন ও তার আইনজীবী নাজনীন নাহারের বিরুদ্ধে পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে।

তবে এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহার। তিনি বলেন, ট্রাইব্যুনালের হাজতখানা জন্মদিন পালনের জায়গা নয়, তাই সেখানে কেক কাটার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। টিফিন ক্যারিয়ারে খাবার নেওয়ার বিষয়ে তিনি বলেন, সব বন্দীর জন্যই বাসা থেকে খাবার আসে এবং তিনি খাবারের অংশ অন্যদের দিলে তা নিয়ম লঙ্ঘন নয়। পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগটিও তিনি অস্বীকার করেন। আইনজীবী নাজনীন নাহার দাবি করেন, জিয়াউল আহসানকে শারীরিক ও মানসিক যন্ত্রণা দেওয়ার জন্য উদ্দেশ্যমূলকভাবে তাকে হাতকড়া পরিয়ে আনা হচ্ছে।

এদিন মামলার একজন সাক্ষী জবানবন্দি দেন। সাক্ষ্য গ্রহণ শেষে ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে কথা বলেন জিয়াউল আহসান। তার আইনজীবী নাজনীন নাহার জানান, সেনাবাহিনীতে প্রশিক্ষক হিসেবে কাজ করার সময় আঘাতপ্রাপ্ত হওয়ায় হেলমেট পরলে জিয়াউলের সমস্যা হয়। এছাড়া হাজতখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি ট্রাইব্যুনালকে অবহিত করেছিলেন। তখন ট্রাইব্যুনাল তাকে সতর্ক করে বলেছিলেন, ‘স্নাইপার শুট করতে পারে’।