পোশাক খাতের চ্যালেঞ্জ ও উত্তরণের সুপারিশ রাষ্ট্রপতির কাছে বিজিএমইএ-র

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার বঙ্গভবনে অনুষ্ঠিত এই বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলে সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, মিজানুর রহমান (অর্থ), ভিদিয়া অমৃত খান, মো. শিহাব উদ্দোজা চৌধুরী, মোহাম্মদ রফিক চৌধুরী এবং অন্যান্য পরিচালকরা অংশগ্রহণ করেন।

বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান দেশীয় শিল্প ও ব্যবসার প্রসারে বর্তমান সরকারের নেওয়া নানা শিল্পবান্ধব পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বিশেষ করে এলডিসি উত্তরণ বিলম্বিতকরণ, বন্ধ কারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন সুবিধা, নন-বন্ড কারখানার জন্য বন্ডেড কাঁচামাল সংগ্রহ ও সরাসরি রপ্তানির সুযোগ প্রদান এবং কাস্টমস প্রক্রিয়া সহজীকরণের মতো সিদ্ধান্তগুলোকে শিল্পের জন্য ইতিবাচক বলে উল্লেখ করেন। বিজিএমইএ নেতৃবৃন্দ মনে করেন, এসব পদক্ষেপ ইজ অব ডুয়িং বিজনেস নিশ্চিতকরণে সরকারের দূরদর্শিতা ও আন্তরিকতার বহিঃপ্রকাশ।

তবে আলোচনার মূলভাগে বিজিএমইএ নেতৃবৃন্দ তৈরি পোশাক খাতের বর্তমান কঠিন বাস্তবতা ও চ্যালেঞ্জগুলো রাষ্ট্রপতির সামনে বিস্তারিত তুলে ধরেন। এর মধ্যে প্রধান চ্যালেঞ্জগুলো হলো: তীব্র জ্বালানি সংকট, যেখানে পর্যাপ্ত গ্যাস সরবরাহের অভাবে বেশিরভাগ কারখানার উৎপাদন সক্ষমতার অর্ধেকেরও নিচে নেমে এসেছে এবং রপ্তানি অর্ডার হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া জ্বালানির মূল্যবৃদ্ধি, ব্যাংক ঋণের উচ্চ সুদহার এবং মজুরি সমন্বয়ের কারণে গত তিন বছরে উৎপাদন খরচ প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

রপ্তানি ও বিনিয়োগের ক্ষেত্রেও মন্দা লক্ষ্য করা যাচ্ছে; ২০২৫-২৬ অর্থবছরে পোশাক রপ্তানি ১.৬৪ শতাংশ এবং ২০২৬-২৭ অর্থবছরের জুলাই মাসে ১.৯২ শতাংশ কমেছে। পাশাপাশি মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের ফলে নতুন বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে। উচ্চ উৎপাদন ব্যয় ও অর্ডার সংকটের কারণে গত তিন বছরে প্রায় ৪০০টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে, যা কর্মসংস্থানের ক্ষেত্রে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বৈঠকে জাতীয় অর্থনীতির এই প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক খাতের সার্বিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার বিষয়ে বিশদ আলোচনা হয়। একই সঙ্গে এই সংকট কাটিয়ে খাতটিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বিজিএমইএর পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে সুনির্দিষ্ট কিছু নীতিগত সুপারিশ পেশ করা হয়েছে।