অগ্রণী, বেসিক ও বিডিবিএল ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাষ্ট্রায়ত্ত তিনটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। ব্যাংকগুলো হলো অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) এবং বেসিক ব্যাংক।

বুধবার (২ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব আফরোজা আক্তার রিবার সই করা এই প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, ব্যাংক তিনটির পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সরকার সুপারিশ ও সম্মতি প্রদান করেছে।

এর আগে অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও হিসেবে মো. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডি হিসেবে মো. জসীম উদ্দিন এবং বেসিক ব্যাংকের এমডি হিসেবে মো. কামরুজ্জামান খান দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের শর্তাবলী অনুযায়ী এই নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মো. আনোয়ারুল ইসলামের নিয়োগ বাতিলের বিষয়ে পরবর্তী বিধিসম্মত কার্যক্রম গ্রহণের জন্য ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি এই সিদ্ধান্তের পর, সংশ্লিষ্ট আইন ও চুক্তিপত্রের শর্ত অনুযায়ী ব্যাংক তিনটির পরিচালনা পর্ষদ এখন নিয়োগ বাতিলের পরবর্তী আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করবে।