বিশ্বকাপ জয়ের পর ট্রাম্পের সঙ্গে লামিন ইয়ামালের করমর্দন

২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে পরাজিত করে শিরোপা জিতেছে স্পেন। এই জয়ের পরপরই স্পেনের তরুণ ফুটবলার লামিন ইয়ামাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করমর্দন করেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় টেলিভিশন নেটওয়ার্ক ফক্স ফাইভের প্রকাশিত একটি ভিডিওতে এই দৃশ্যটি দেখা গেছে।

বিশ্বকাপ ফাইনাল শেষে পদক গ্রহণের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইয়ামালের এই মুহূর্তটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়, বিশেষ করে কিছু খণ্ডিত ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর। তবে ফক্স ফাইভের পূর্ণাঙ্গ ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্পই ইয়ামালের সঙ্গে প্রথমে হাত মেলান এবং তার গলায় পদক পরিয়ে দেন। এসময় মার্কিন প্রেসিডেন্টকে ইয়ামালের কাঁধে হাত রেখে বাহবা দিতেও দেখা যায়।

ফাইনালে উপস্থিত থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে স্পেনের বিজয়ী খেলোয়াড়দের হাতে পদক তুলে দেন।

১৯ বছর বয়সী লামিন ইয়ামালের ক্যারিয়ারে এই বিশ্বকাপ শিরোপা একটি স্মরণীয় অর্জন হিসেবে যুক্ত হলো। অভিষেক বিশ্বকাপেই বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্য হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। টুর্নামেন্টজুড়ে একটি গোল করলেও স্পেনের আক্রমণভাগে তার পারফরম্যান্স ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ জয়ের পর ইয়ামালকে ঘিরে ব্যালন ডি'অর জয়ের আলোচনাও বেশ জোরালো হয়েছে। এর আগে ২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনার হয়ে স্প্যানিশ লিগ শিরোপাও জিতেছেন এই তরুণ তুর্কি। যদিও গোল্ডেন বল জয়ী রদ্রিকে ব্যালন ডি'অরের অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছে।