প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
থানা, আদালত চত্বর বা পুলিশের কড়া নিরাপত্তা ভেঙে একের পর এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। সম্প্রতি রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তিন দিনের রিমান্ডে থাকা মিতু আক্তার নামের এক নারী আসামি পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান। এই ঘটনার পর সংশ্লিষ্টদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। চলতি বছর মিতু ছাড়াও আরও ৭ জন দুর্ধর্ষ আসামি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। পুলিশ বিভাগ এসব তথ্য চেপে রাখার চেষ্টা করলেও অনুসন্ধানে জানা গেছে, বিগত চার বছরের মধ্যে ২০২৫ সালে সবচেয়ে বেশি আসামি পলায়নের ঘটনা ঘটেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজত থেকে আসামি পালানোর তথ্য সাধারণত পুলিশ সদর দপ্তর প্রকাশ করতে চায় না। তথ্য চেয়েও না পাওয়ায় পরে অনুসন্ধানে জানা যায়, গত চার বছরের মধ্যে ২০২৫ সালে দেশের বিভিন্ন স্থান থেকে অন্তত ১২ জন আসামি পালিয়ে যায়। এর আগে ২০২৪ সালে ৫ জন এবং ২০২৩ সালে ৪ জন আসামি পুলিশ হেফাজত থেকে পালায়। পালিয়ে যাওয়া কিছু আসামিকে পরবর্তী সময়ে পুনরায় গ্রেফতার করা সম্ভব হলেও এর সঠিক কোনো পরিসংখ্যান পুলিশ জানাতে পারেনি।
পুলিশের নিরাপত্তা জাল ভেদ করে আসামিদের এভাবে পালিয়ে যাওয়ার পেছনে বেশ কিছু সুনির্দিষ্ট কারণ উঠে এসেছে। এর মধ্যে অন্যতম হলো—আদালতে হাজিরার জন্য কারাগার থেকে আসামি আনা-নেওয়া এবং প্রিজনভ্যানে তোলার সময় চরম নিরাপত্তা ঘাটতি। এছাড়া আসামিদের নজরদারিতে রাখতে পর্যাপ্ত পুলিশ সদস্য না থাকা, হাতকড়া ও অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারে ত্রুটি, ভিড়ের মধ্যে আসামি নিয়ন্ত্রণে দুর্বলতা এবং দায়িত্বে থাকা সদস্যদের অসতর্কতা অন্যতম কারণ। একই সঙ্গে পালিয়ে যাওয়া আসামিদের সঙ্গে কোনো কোনো পুলিশ সদস্যের যোগসাজশ বা আঁতাতের অভিযোগও রয়েছে। তাছাড়া থানা পুলিশ, আদালত পুলিশ ও কারা কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের অভাবও এই পরিস্থিতির জন্য দায়ী।
দায়িত্বে অবহেলার কারণে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে প্রায়ই বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। তবে এতেও ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যাচ্ছে না। অনেকের মতে, ‘সর্ষের ভেতর ভূত’ থাকার কারণেই নিরাপত্তা হেফাজত থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনা বন্ধ হচ্ছে না। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, হেফাজত থেকে আসামি পলায়ন কেবল মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়াকেই ব্যাহত করে না, বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ও জবাবদিহিতা নিয়েও প্রশ্ন তোলে। বিশেষ করে হত্যা, ডাকাতি বা মাদকের মতো গুরুতর মামলার আসামিরা পালিয়ে গেলে মামলার বাদী ও সাক্ষীদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়ে। তাই শুধু কয়েকজন সদস্যকে প্রত্যাহার বা শাস্তি দেওয়াই যথেষ্ট নয়, পুরো নিরাপত্তা প্রটোকল নতুন করে মূল্যায়ন করা প্রয়োজন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক এ প্রসঙ্গে বলেন, হেফাজত থেকে আসামি পালানোর পেছনে দুটি প্রধান কারণ থাকতে পারে। প্রথমত, আসামিকে নিরাপদে রাখার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, দক্ষতা ও পেশাদারিত্বের ঘাটতি। দ্বিতীয়ত, দক্ষতা থাকা সত্ত্বেও আসামির সঙ্গে পুলিশ সদস্যদের কোনো ধরনের গোপন আঁতাত বা যোগসাজশ থাকা। তিনি সতর্ক করে বলেন, এই প্রবণতা বাড়তে থাকলে ভবিষ্যতে কোনো শক্তিশালী বা পেশাদার অপরাধীকে হেফাজতে রাখা পুলিশের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এছাড়া আসামি পালিয়ে গেলে সাক্ষীরা আতঙ্কে থাকবেন এবং পরে ওই আসামি আরও শক্তিশালী হয়ে সাক্ষীদের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ অভ্যন্তরীণ তদন্ত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন জানান, হেফাজত থেকে আসামি পলায়নের প্রতিটি ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিরাপত্তা ঘাটতি ও অবহেলার কারণগুলো চিহ্নিত করে হেফাজতের নিরাপত্তা জোরদার, ঝুঁকি মূল্যায়ন এবং নিয়মিত তদারকি বাড়ানো হয়েছে। দায়িত্বে অবহেলার প্রমাণ পেলেই সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

