তিন মাস পর খুলল সুন্দরবন, দস্যু আতঙ্ক মাথায় নিয়ে ফিরছেন জেলেরা

টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে অবশেষে সুন্দরবনের দ্বার খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে বন উন্মুক্ত হওয়ায় উপকূলীয় জনপদে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। জীবিকার তাগিদে জেলে ও বাওয়ালিরা প্রয়োজনীয় সরঞ্জাম, খাবার ও নৌকার জ্বালানি নিয়ে বনে প্রবেশ করতে শুরু করেছেন। তবে দীর্ঘদিন পর সুন্দরবনে ফেরার স্বস্তির মাঝেই তাদের তাড়া করছে বনদস্যুদের আতঙ্ক। অভিযোগ উঠেছে, দস্যুদের অগ্রিম চাঁদা দিয়েই অনেককে বনে প্রবেশ করতে হচ্ছে।

মাছ ও কাঁকড়া আহরণের মাধ্যমে পরিবার নিয়ে বেঁচে থাকার নতুন আশা জাগলেও জেলেদের একটি বড় অংশ নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন। বনে প্রবেশ করলে দস্যুদের চাঁদা দেওয়া এবং অপহরণের শিকার হওয়ার আশঙ্কা কাজ করছে তাদের মনে। ফলে জীবিকার প্রয়োজনে বনে গেলেও শেষ পর্যন্ত নিরাপদে ফিরতে পারবেন কি না, তা নিয়ে সংশয় কাটছে না বনজীবীদের। একই সময়ে সুন্দরবন পর্যটকদের জন্যও খুলে দেওয়ায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যেও ব্যস্ততা বেড়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সুন্দরবন খোলার প্রথম দিনে পাসের সংখ্যা কিছুটা কম ছিল। মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত জেলেদের অনুকূলে ১৫৫টি এবং পর্যটকবাহী বোটের জন্য একটি পাস ইস্যু করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। চলতি বছর সাতক্ষীরা রেঞ্জে মোট ২ হাজার ৯৩৮টি বোট লাইসেন্স সার্টিফিকেট (বিএলসি) রয়েছে। এর মধ্যে মাছ ধরার জন্য ১ হাজার ১৪৮টি, কাঁকড়া আহরণের জন্য ১ হাজার ৭০০টি, গোলপাতার জন্য ২টি, পর্যটকবাহী ট্রলারের জন্য ৭৪টি, লবণাক্ত পানির জন্য ১টি এবং মধু আহরণের জন্য ১২টি বিএলসি বরাদ্দ আছে। এছাড়া আরও ৫০০টি ডিঙি নৌকা মাছ ও কাঁকড়া ধরার জন্য বিশেষ অনুমতি নিয়েছে।

বন্যপ্রাণী ও মৎস্যসম্পদের প্রজনন ও সুরক্ষায় গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে সব ধরনের প্রবেশ ও সম্পদ আহরণ নিষিদ্ধ ছিল। এই তিন মাসে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অভিযান চালিয়েছে বন বিভাগ। এ সময় অবৈধভাবে বনে ঢোকার অভিযোগে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে এবং ৫৫টি নৌকা জব্দ করা হয়েছে। এসব মামলায় ৪৪ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ৩ হাজার ৮৫০ কেজি শামুক, ১টি পিকআপ ভ্যান, ১ হাজার কেজি মধু, ২৩০ কেজি সাদা মাছ, ১৩৫ কেজি চিংড়ি মাছ, ৪ বোতল বিষ এবং হরিণ শিকারের ২৭৮টি ফাঁদ উদ্ধার করা হয়েছে।

বন খোলার প্রথম দিনে মুন্সীগঞ্জের মৌখালী গ্রামের জেলে শহিদুল ইসলাম তার অনুভূতি প্রকাশ করে বলেন, দীর্ঘ তিন মাস পর সুন্দরবনে যাওয়ার সুযোগ পেয়ে ভালো লাগছে। এই বন্ধের সময়ে অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছি এবং পরিবার নিয়ে কষ্টে দিন কেটেছে। এখন মাছ ও কাঁকড়া ধরে সেই ঋণ শোধ করতে পারব বলে আশা করছি।

তবে বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালি গ্রামের আলমগীর হোসেন তার আশঙ্কার কথা জানিয়ে বলেন, সুন্দরবন খুলে দেওয়ায় স্বস্তি পেলেও বনদস্যুদের ভয় তাড়া করছে। একদিকে ঋণের বোঝা, অন্যদিকে দস্যু আতঙ্ক নিয়েই আমাদের বনে যেতে হচ্ছে।

পর্যটন খাতের ব্যবসায়ীরাও বড় ধরনের লোকসান কাটিয়ে ওঠার আশা করছেন। পর্যটকবাহী ট্রলারের মালিক মনির হোসেন জানান, দীর্ঘ সময় পর্যটক না আসায় ট্রলারগুলো অলস পড়ে থেকে নষ্ট হয়েছে। মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে সেগুলো মেরামত করতে হয়েছে। এখন পর্যটকদের ঘুরিয়ে যে আয় হবে, তা দিয়ে সংসার চালানো ও ঋণ পরিশোধের পরিকল্পনা করছেন তিনি। স্থানীয় মুদি ব্যবসায়ী মোকসেদ হোসেন জানান, এলাকার অধিকাংশ মানুষ সুন্দরবনের ওপর নির্ভরশীল হওয়ায় এতদিন বেচাকেনা প্রায় বন্ধ ছিল। বন খোলায় এখন ব্যবসা আবার চাঙ্গা হবে বলে তিনি আশাবাদী।

প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই ঢাকা থেকে সুন্দরবন ঘুরতে আসা পর্যটক রহিম জানান, আবহাওয়া খারাপ থাকলেও বন্ধুদের নিয়ে তারা সুন্দরবনের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার অনুমতি নিয়ে এসেছেন।

নিরাপত্তা ও নিয়মকানুনের বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. মশিউর রহমান জানান, বনে প্রবেশের জন্য সবাইকে নির্ধারিত নিয়ম মেনে অনুমতিপত্র নিতে হবে। বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় সংশ্লিষ্টদের সব নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। পাশাপাশি বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।