বেসামরিক বিমান চলাচল বিধিমালা সংশোধনের উদ্যোগ নিল সরকার

বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়নে দীর্ঘ ৪২ বছর পর বিদ্যমান বিধিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ২০২৬’ এর খসড়া চূড়ান্তকরণ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সভায় মন্ত্রী বলেন, নতুন বিধিমালা প্রণয়নের মূল লক্ষ্য হলো খাতটিকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব করে তোলা। একই সঙ্গে যাত্রীসেবার মানোন্নয়ন এবং বেসামরিক বিমান চলাচলে সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় বিধান যুক্ত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। বেসরকারি এয়ারলাইন্সগুলোর প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, আপনারা এই খাতের মূল অংশীজন, তাই বিনিয়োগ সহজীকরণে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন।

মন্ত্রী আরও জানান, বেসরকারি এয়ারলাইন্সগুলোর সুবিধার কথা মাথায় রেখে বিমান রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিধানে সংশোধন আনা হবে। বিমানের জটিল যন্ত্রাংশ মেরামত, রক্ষণাবেক্ষণ ও ওভারহলের ক্ষেত্রে বিদ্যমান জটিলতাগুলো নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া কেপটাউন কনভেনশনের শর্তাবলী অনুসরণ করে বিমান-সংক্রান্ত সম্পদের আন্তর্জাতিক অর্থায়ন ও লিজিংয়ের অধিকার সুরক্ষার জন্য অপ্রত্যাহারযোগ্য নিবন্ধন বাতিল এবং রপ্তানি অনুরোধের কর্তৃত্বপ্রদান সংক্রান্ত বিধি যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

সভায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুল্লাহ আল মামুন বেসরকারি এয়ারলাইন্সগুলোর পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন। এছাড়া নতুন বিধিমালার খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামানসহ সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন অংশীজন।