বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো মন্তব্য করতে চান না এবং এ বিষয়ে কথা বলা উচিতও নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই অবস্থান ব্যক্ত করেন।
হাইকমিশনার বলেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আমরা কিছু বলতে চাই না। এছাড়া এ বিষয়ে কথা বলা আমাদের উচিতও নয়। দেশের মানুষ যা ভালো বুঝবে এবং সংখ্যাগরিষ্ঠের ভোটে নির্বাচিত সরকার যে সিদ্ধান্ত নেবে—দেশের মানুষের জন্য যা কল্যাণকর, সেটিই আসল কথা।
দীনেশ ত্রিবেদী আরও বলেন, দুই দেশের জনগণের মধ্যে যে সম্পর্ক, তা সবসময়ই বিদ্যমান। তিনি না থাকলেও অন্য কেউ এই অবস্থানে থাকলে একই ধারা বজায় থাকত। দিল্লির প্রতিনিধিরাও চান জনগণের সাথে জনগণের সম্পর্ক আরও গভীর হোক। তিনি উল্লেখ করেন, আমরা যা সিদ্ধান্ত নিই তার প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ে, তাই তাদের ভালো-মন্দের বিষয়টি আমাদের দায়িত্বের অংশ।
প্রতিবেশী হিসেবে দায়িত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা একটি স্বপ্ন শেয়ার করি এবং সীমান্তও শেয়ার করি। প্রতিবেশী হিসেবে আমাদের দায়িত্ব অনেক বেড়ে যায়। আমরা সবসময় বলি আমরা সমান, কেউ বড় বা ছোট নয়। এখানে এসে আমি অনেক কিছু শিখছি।
হাইকমিশনার বলেন, চ্যালেঞ্জ তো থাকবেই। তবে আমাদের বুঝতে হবে বাংলাদেশের গণতান্ত্রিক চ্যালেঞ্জগুলো কী এবং বাংলাদেশকেও বুঝতে হবে ভারতের চ্যালেঞ্জ কী। এই চ্যালেঞ্জগুলোকে মাথায় রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। তিনি আরও যোগ করেন, আমরা অতীত ভুলতে পারি না, কিন্তু অতীতে আটকে থাকার কোনো সুযোগ নেই। কারণ অতীতে আটকে থাকলে উন্নয়ন সম্ভব নয়।

