লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে অবৈধ একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গত ৩০ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে এই অভিযানটি সম্পন্ন হয়।
অভিযানটি পরিচালনা করেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি। সীমান্ত দিয়ে অবৈধ পথে অস্ত্রের চোরাচালান হওয়ার গোপন সংবাদের ভিত্তিতে তিনি একটি বিশেষ টহল দলের নেতৃত্ব দেন। দিঘলটারী বিওপির আওতাধীন আদিতমারী উপজেলার ডিগ্রির চর নামক স্থানে পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্র ও গোলাবারুদটি পাওয়া যায়।
বর্তমানে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আদিতমারী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এই অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।

