প্রতারক প্রেমিকের বিরুদ্ধে অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যেই সুমাইয়ার আত্মহত্যা

কক্সবাজারে প্রতারক প্রেমিকসহ স্থানীয় কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর নাম উল্লেখ করে বিচার চাওয়ার ২৪ ঘণ্টার মাথায় সুমাইয়া আক্তার ওরফে ইশরাত নামের এক নারী আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে নিজের নিরাপত্তা নিয়ে চরম আশঙ্কার কথা জানিয়েছিলেন তিনি। রোববার দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত সুমাইয়া চৌফলদণ্ডীর সিকদার পাড়া এলাকার মৃত মোক্তার আহম্মদের মেয়ে।

গত ৪ঠা আগস্ট কক্সবাজার সদর মডেল থানায় সুমাইয়ার করা লিখিত অভিযোগ থেকে জানা যায়, প্রায় এক বছর আগে সাইফুল ইসলাম হৃদয়ের সঙ্গে তার পরিচয় হয়। বিয়ের আশ্বাসে ১০ই জানুয়ারি থেকে সাইফুল তাকে কক্সবাজার পৌরসভার গোলদীঘির পাড় এলাকার একটি ভাড়া বাসায় রাখেন। সুমাইয়া অন্তঃসত্ত্বা হওয়ার পর সম্পর্কের অবনতি ঘটে। অভিযোগ অনুযায়ী, গর্ভের সন্তান নষ্ট করার জন্য সাইফুল তাকে নিয়মিত মারধর ও ভয়ভীতি দেখাতেন। গত ২৮শে জুলাই কলাতলী এলাকার একটি হোটেলে নিয়ে গিয়েও তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত সাইফুল ইসলাম হৃদয় এবং তার সহযোগী শহরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত কলাতলীর সোহেল ও বাহারছড়ার আরিফ গা ঢাকা দিয়েছেন। সুমাইয়ার স্বজনরা এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, পুলিশ ভুক্তভোগীর অভিযোগ, ফেসবুক লাইভ ও পরিবারের বক্তব্যকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যা প্ররোচনার অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে এবং তাদের ধরতে অভিযান চলছে।