জনপ্রিয় অভিনেত্রী শ্রেয়া কালরার গালে হঠাৎ চুমু দেওয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুলেছেন বলিউড অভিনেতা রাম কপুর। ওই ঘটনার পর শ্রেয়া অভিযোগ তুলেছিলেন যে, অভিনেতা তার ব্যক্তিগত সীমারেখা লঙ্ঘন করেছেন। তবে রাম কপুর দাবি করেছেন, বিষয়টি পরে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। অভিনেতা জানান, শ্রেয়া নিজেই তার সঙ্গে যোগাযোগ করে জানিয়েছেন যে, তার আচরণ নিয়ে করা মন্তব্যের মাধ্যমে তিনি খারাপ কিছু বোঝাতে চাননি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাম কপুর স্পষ্ট করেন যে, অন্যের মন্তব্যের কারণে তিনি নিজের স্বভাব বদলাতে চান না। তিনি বলেন, শ্রেয়া তার সঙ্গে একাধিকবার চ্যাট করেছেন এবং তাকে আশ্বস্ত করেছেন যে, তিনি ওই মন্তব্যগুলো অন্য কোনো উদ্দেশ্যে করেননি। রামের ভাষায়, ‘ও আমাকে বলেছে, আমি ওই রকম কিছু বোঝাতে চাইনি এবং তুমি তোমার জায়গায় একেবারে ঠিক।’ অভিনেতা আরও বলেন, স্নেহ প্রকাশের ধরন হিসেবে তিনি ক্যারিয়ারের শুরু থেকেই শারীরিকভাবে এমন আচরণ করে আসছেন। তাই কোনো বিষয় ভুলভাবে ব্যাখ্যা করা হবে ভেবে তিনি নিজেকে পরিবর্তন করতে রাজি নন।
দীর্ঘ ২৭ বছরের অভিনয়জীবনে কোনো নারী তার বিরুদ্ধে অভিযোগ করেননি বলে গর্ব প্রকাশ করেন রাম কপুর। তিনি জানান, এসব অর্থহীন বিতর্ক নিয়ে তিনি মাথা ঘামাতে চান না এবং এ ধরনের বিষয় তার ওপর কোনো প্রভাব ফেলে না। অভিনেতার মতে, অনেক সময় ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে এমন বিতর্ক তৈরি করা হয় যা মূল প্রসঙ্গের বাইরে চলে যায়। জীবন খুব দ্রুত এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তার জীবনে অনেক ইতিবাচক বিষয় রয়েছে এবং তিনি সেগুলোর দিকেই মনোনিবেশ করতে চান। এছাড়া সাক্ষাৎকারে তিনি শ্রেয়ার সঙ্গে তার সম্পর্কের জটিলতা ও মতবিরোধের বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন।

