মাদ্রিদে গ্যারেজে অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন বাংলাদেশি যুবক ইউসুফ

স্পেনের রাজধানী মাদ্রিদের আরগানসুয়েলা এলাকায় একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ইউসুফ হাসান আলিফ নামে ২৫ বছর বয়সী এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় ওই ভবনের নিচের গ্যারেজে আগুন লাগার পর ভেতরে আটকা পড়েন তিনি। দমকল বাহিনীর দীর্ঘ প্রচেষ্টার পর তাঁকে উদ্ধার করা সম্ভব হলেও শেষ পর্যন্ত প্রাণ বাঁচাতে পারেননি এই তরুণ।

গ্যারেজটিতে বেশ কিছু স্টোররুম এবং বিপুলসংখ্যক ইলেকট্রিক বাইসাইকেল রাখা ছিল। আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়লে গ্যারেজের ভেতর প্রচণ্ড তাপ ও ঘন ধোঁয়ার সৃষ্টি হয়। Emergencias Madrid-এর তথ্য অনুযায়ী, রাত ৮টার কিছু আগে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মাদ্রিদ সিটি কাউন্সিলের দমকল বাহিনীর ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। গ্যারেজের জটিল কাঠামো এবং ধোঁয়ার কারণে উদ্ধার অভিযান বেশ কঠিন হয়ে পড়েছিল। দমকল কর্মীরা আগুনের উৎস শনাক্ত করে ভেতরে প্রবেশ করলে ওই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করেন। ঘটনাস্থলে উপস্থিত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর শরীরে ধোঁয়াজনিত বিষক্রিয়া এবং শ্বাসনালিতে পোড়ার লক্ষণ পাওয়া গেছে।

নিহত ইউসুফ হাসান আলিফের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উত্তরগাঁও এলাকায়। তাঁর বাবার নাম আব্দুল মতালিব। গত বছর জীবিকার সন্ধানে স্পেনে পাড়ি জমান তিনি। স্থানীয় বাংলাদেশি কমিউনিটি ও পরিবার সূত্রে জানা গেছে, স্পেনে বসবাসের বৈধতা পাওয়ার প্রক্রিয়ায় ছিলেন আলিফ। মৃত্যুর মাত্র তিন দিন আগে তাঁর কাজের অনুমতিপত্র হাতে এসেছিল। নতুন কাজ শুরু করে নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন ছিল তাঁর, কিন্তু সেই নতুন জীবনের সূচনালগ্নেই মর্মান্তিক এই দুর্ঘটনায় অকালে ঝরে গেল তাঁর প্রাণ।