মুরগির মাংস খাওয়া নিয়ে বিবাদ, বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

ভারতের কর্ণাটকের বেলাগাভি জেলায় নৈশভোজে মুরগির মাংসের টুকরো বেশি খাওয়াকে কেন্দ্র করে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একই প্রতিষ্ঠানে কর্মরত দুই ঘনিষ্ঠ বন্ধুর মধ্যে তুচ্ছ এই বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

নিহত ব্যক্তির নাম সীতারাম, যার বাড়ি উত্তর প্রদেশের পিলিভিত জেলার কবিরগঞ্জ গ্রামে। তিনি মুদালাগি এলাকার প্রিয়া স্টিল কোম্পানিতে কর্মরত ছিলেন এবং চাকরিসূত্রে মুদালাগির হুনাশ্যাল পিজি গ্রামে বসবাস করতেন। অভিযুক্ত ব্যক্তির নাম অরুণ কুমার, যিনি একই গ্রামের বাসিন্দা এবং সীতারামের সহকর্মী ছিলেন।

জানা গেছে, দুই বন্ধু মিলে একসঙ্গে রাতের খাবারের আয়োজন করেছিলেন। খাওয়ার সময় কার পাতে মুরগির মাংসের টুকরো বেশি পড়েছে, তা নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে এই তর্ক উত্তপ্ত বাগ্-বিতণ্ডায় রূপ নিলে অরুণ কুমার ছুরি বের করে সীতারামের বুকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য অরুণ কুমার আহত সীতারামকে গোকাক সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি দাবি করেন যে, সীতারাম একটি ভবন থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন। তবে তার এই বয়ানে সন্দেহ হলে স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর পুলিশ অরুণ কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি সীতারামকে ছুরিকাঘাত করার কথা স্বীকার করেন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে চিকিৎসাধীন অবস্থায় সীতারামের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার বিষয়ে ইতোমধ্যে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশি তদন্ত চলমান রয়েছে।