সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল অনুমোদন, কার্যকর তিন ধাপে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন করা হয়েছে। প্রায় ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এই নতুন বেতন কাঠামো কার্যকর হতে যাচ্ছে। নতুন এই স্কেলটি চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর ধরা হলেও সরকারের আর্থিক সক্ষমতা ও মূল্যস্ফীতির চাপ বিবেচনায় তা একবারে কার্যকর করা হচ্ছে না।

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরির বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। নতুন নিয়মে ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের নির্ধারিত বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে। সরকারের হিসাব অনুযায়ী, এই কাঠামোয় সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডের বেতন ১০০ শতাংশ বৃদ্ধি পাবে। তবে পুরো বেতন বৃদ্ধি একবারে কার্যকর হবে না। ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে মূল বেতন তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। বাস্তবায়নের ক্ষেত্রে ১০ম থেকে ২০তম গ্রেডের স্বল্প আয়ের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন কাঠামো বাস্তবায়নের অন্যান্য সুবিধার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে একযোগে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। এছাড়া পেনশনও ধাপে ধাপে বাড়ানো হবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘এক গ্রেড এক পেনশন’ বা ওয়ান র‌্যাঙ্ক ওয়ান পেনশন (ওআরওপি) এখনই পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। প্রয়োজনীয় তথ্যের ঘাটতি ও বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় এটি ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।

পেনশন বাড়ানোর বিকল্প হিসেবে নতুন ফর্মুলা অনুমোদন করা হয়েছে, যার ফলে কম পেনশন পাওয়া ব্যক্তিরা বেশি সুবিধা পাবেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৯ হাজার টাকা বা তার কম নিট পেনশন হলে তা ১০০ শতাংশ বাড়বে। ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ৭৫ শতাংশ, ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকার বেশি পেনশনের ক্ষেত্রে ৫৫ শতাংশ হারে সুবিধা বৃদ্ধি পাবে।