গোয়াইনঘাটে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সিলেটের গোয়াইনঘাটে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে নতুন প্রজন্মের কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম তুলে ধরার লক্ষ্যে দেশব্যাপী নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনিক কনফারেন্স রুমে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, বর্তমান সরকার ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ সাল পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। জাতীয় কবির বৈচিত্র্যময় সাহিত্য ও অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনা ছাত্র-ছাত্রীদের মাঝে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই আয়োজন অত্যন্ত সময়োপযোগী। তরুণ প্রজন্মকে নজরুলের বিপ্লবী আদর্শে উজ্জীবিত করতে এবং সুস্থ সাংস্কৃতিক চর্চায় ধাবিত করতে এই প্রতিযোগিতা দেশজুড়ে বিশেষ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশিকা ও সংশোধিত সূচি অনুযায়ী সোমবার শুরু হওয়া এই প্রতিযোগিতা ৩১ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন ধাপে চলমান থাকবে। গোয়াইনঘাট উপজেলার আওতাধীন সকল প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্ব-স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে।

প্রতিযোগিতার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় এবং নজরুলসংগীত ভিত্তিক একক নৃত্য। শিক্ষার্থীদের বয়স ও শ্রেণিভেদে প্রাথমিক ও মাধ্যমিকসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করে আলাদা আলাদা বিষয় নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্ব শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় নজরুলের গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।