কক্সবাজারের টেকনাফে আত্মসমর্পণকারী কথিত ইয়াবা কারবারি ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীরের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের ‘শেখ হাসিনা’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে স্থানীয় পর্যায়ে তীব্র আলোচনা-সমালোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, গত শনিবার (২৯ আগস্ট) টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার ‘লেদা একাদশ’ নামের একটি ক্রীড়া সংগঠনের ব্যানারে আয়োজিত পিকনিকে এ ঘটনা ঘটে। ইনানীর একটি সুইমিংপুলে পিকনিকের সময় জাহাঙ্গীরকে নেতৃত্ব দিতে দেখা যায়। আয়োজনে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন ফাহিমসহ স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়েছে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতারা এর তীব্র প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। স্থানীয় সমাজসেবক ছৈয়দ আলমের মতে, যদি ভিডিওটি সাম্প্রতিক হয় এবং মাদক কারবারের দায়ে আত্মসমর্পণকারী কোনো ব্যক্তি পুনরায় কোনো নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হন, তবে তা গুরুত্বের সাথে তদন্ত করা জরুরি। সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিষয়টি স্পর্শকাতর বলেও তিনি মন্তব্য করেন।
স্থানীয়দের ভাষ্যমতে, জাহাঙ্গীর টেকনাফের একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে হত্যা, অপহরণ ও মাদকসহ প্রায় ২০টি মামলা রয়েছে। এছাড়া তার আপন ভাই মোহাম্মদ আলম হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তবে এসব অভিযোগের বিষয়ে জাহাঙ্গীরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সময়কাল নিয়ে ভিন্ন তথ্য দিয়েছেন পুলিশ কর্মকর্তারা। রোববার (৩০ আগস্ট) রাতে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ভিডিওটি ২০২৪ সালের ৫ আগস্টের আগের বলে ধারণা করা হচ্ছে। এটি বর্তমান সময়ের নয়। তবে বিষয়টি নিয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে বলে তিনি জানিয়েছেন।

