মেট্রোরেলের ভেন্ডিং মেশিনে যান্ত্রিক ত্রুটি, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকার নাগরিকদের যাতায়াতের অন্যতম স্বস্তির মাধ্যম হয়ে উঠেছে মেট্রোরেল। তবে সম্প্রতি এই গণপরিবহনে যাত্রীদের নির্ভরশীলতা বাড়ার সঙ্গে সঙ্গে একক যাত্রার টিকিট কেনার ভেন্ডিং মেশিনগুলো নিয়ে ভোগান্তিও চরমে পৌঁছেছে। প্রায় প্রতিদিনই মেশিনগুলো হুটহাট বন্ধ বা বিকল হয়ে যাচ্ছে, যার ফলে টিকিট কেনা কিংবা কার্ড টপ-আপ করতে গিয়ে যাত্রীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এমনকি টিকিট কেনার পর অনেক সময় মেশিন থেকে অবশিষ্ট টাকা ফেরত না পাওয়ার মতো ঘটনাও ঘটছে।

মেট্রোরেলে যাতায়াতের জন্য একক যাত্রার টিকিট বা স্থায়ী এমআরটি কার্ড ও র‌্যাপিড পাস ব্যবহার করতে হয়। প্রতিটি স্টেশনে ৪ থেকে ৬টি ভেন্ডিং মেশিনের পাশাপাশি ম্যানুয়ালি টিকিট কাটার ব্যবস্থা থাকলেও, প্রায় সব স্টেশনেই একাধিক মেশিন অকেজো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পিক আওয়ারে এর ফলে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। অনেক সময় দীর্ঘ লাইন পেরিয়ে মেশিনের কাছে পৌঁছানোর পর দেখা যায় সেটি অকেজো।

রোববার কয়েকটি স্টেশন সরেজমিন ঘুরে দেখা গেছে, শাহবাগ স্টেশনের এক পাশের তিনটি মেশিনের মধ্যে একটি বন্ধ ছিল এবং অন্যটিতে একক টিকিট কাটার অপশন অদৃশ্য করে রাখা হয়েছে। বিজয় সরণি স্টেশনের চারটি মেশিনের মধ্যে একটি অকেজো এবং অন্য একটি পলিথিন দিয়ে বেঁধে নোটিশ ঝুলিয়ে রাখা হয়েছে। ফার্মগেট স্টেশনেও লেনদেন প্রক্রিয়ায় ত্রুটির নোটিশ দেখা গেছে এবং কাওরান বাজার স্টেশনেও মেশিন বিকল হওয়ার চিত্র পাওয়া গেছে। গত শুক্রবার মতিঝিল স্টেশনেও শত শত যাত্রীকে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হতে হয়েছে।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর কর্মকর্তাদের মতে, যাত্রীরা ছেঁড়া-ফাটা অথবা ৫০০ ও ১ হাজার টাকার নোট মেশিনে দেয়ার কারণেই মূলত বারবার ত্রুটি দেখা দিচ্ছে। প্রতিষ্ঠানটির অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স পরিচালক মো. নজরুল ইসলাম জানান, মেশিনগুলো এ ধরনের নোট গ্রহণের জন্য প্রোগ্রাম করা হয়নি। এছাড়া আঠাযুক্ত বা নোংরা টাকা ব্যবহারের কারণেও মেশিনগুলো প্রায়ই বিকল হয়ে যায়। তিনি জানান, সমস্যাগুলো সমাধানে তারা কাজ করছেন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হচ্ছে।