টাঙ্গাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

টাঙ্গাইলের বাসাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে নিহাদ (২১) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডাদেশের পাশাপাশি তাকে ৫০০ টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত নিহাদ বাসাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া এলাকার আমীর হোসেনের ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, রবিবার বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে স্থানীয় সালাউদ্দিনের মুদি দোকানের সামনে পৌঁছান। এ সময় মোটরসাইকেল নিয়ে এসে নিহাদ ওই ছাত্রীদের উত্ত্যক্ত করেন এবং স্পর্শ করার চেষ্টা করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহাদকে হাতেনাতে আটক করে। এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এই দণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ জানান, উত্ত্যক্ত করার অপরাধে নিহাদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদানের পর তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।