ই-টেন্ডার প্রক্রিয়া সহজীকরণের দাবি জানিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন। শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এই প্রক্রিয়া সহজ করা জরুরি বলে মন্তব্য করেন তিনি। সংসদের ৭১ বিধিতে দেয়া নোটিশে তিনি জানতে চান, বর্তমান সরকারের ছয় মাস পার হয়ে গেলেও কেন এই প্রক্রিয়া সহজীকরণের উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে না। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি ই-টেন্ডার প্রক্রিয়া সহজীকরণের মতো কাজ একদিন বা সাত দিনে করতে পারে, তবে বর্তমান সরকারের কেন এত সময় লাগছে?
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এ প্রশ্নের জবাবে বলেন, বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। তিনি জানান, বিদ্যমান পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট, ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলস, ২০২৫ অনুযায়ী ক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। সীমিত দরপত্র পদ্ধতি (এলটিএম) এবং উন্মুক্ত দরপত্র পদ্ধতি (ওটিএম) অনুসরণের মাধ্যমে দরপত্র আহ্বান করা হয়। মন্ত্রী আরও বলেন, পরিকল্পনা মন্ত্রণালয় প্রকিউরমেন্ট আইন ও বিধি প্রণয়ন করে থাকে, যা সরকার সঠিকভাবে পালন করছে। জনগণের স্বার্থে ই-টেন্ডার প্রক্রিয়া সহজীকরণের বিষয়টি মন্ত্রণালয়ের নজরে রয়েছে এবং সময়মতো তা অনুমোদন করা হবে।
সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, গত ১৭ থেকে ২০ বছরে অনেক শিক্ষিত যুবক বেকার হয়ে পড়েছেন। বিগত সরকারের সময় টেন্ডার প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ সংকুচিত ছিল। তিনি দাবি করেন, এই প্রক্রিয়া সহজ করলে শিক্ষিত বেকারসহ সাধারণ মানুষ কাজের সুযোগ পাবেন। এমনকি চাকরির বয়স পেরিয়ে যাওয়া ব্যক্তিদের জন্যও কর্মসংস্থানের পথ উন্মুক্ত হবে। তিনি আরও বলেন, ইন্টেরিম গভর্নমেন্ট যদি এটাকে একদিন বা সাত দিনে পারে, তাহলে আমার গভর্নমেন্ট এইটা যদি প্রসিডিং অ্যান্ড প্রসিডিং করে, যদি মন্ত্রিসভার সম্মিলিত প্রচেষ্টা নিয়ে যদি বলে যে, এইটা করতে হবে-শুধু বিএনপির জন্য নয়, অল ওভার বাংলাদেশের ২০ কোটি মানুষ এই প্রক্রিয়া সহজীকরণের মাধ্যমে অংশগ্রহণ করে অতি দ্রুত যেন এই কাজটা করতে পারে।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, মাননীয় মন্ত্রী, ছয় মাস চলে গেল, আর কয় মাস লাগবে? জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পেরেছিল, কিন্তু বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসায় গণতান্ত্রিক পদ্ধতিতে আইন ও নিয়মের মধ্য দিয়ে কাজ করতে বাধ্য। তিনি বলেন, তাড়াহুড়ো করে আইনের ব্যত্যয় ঘটালে দেশবাসীর কাছে জবাবদিহি করতে হবে। তবে সংসদ সদস্যের প্রস্তাবটি অত্যন্ত যুক্তিসঙ্গত বলে স্বীকার করে তিনি জানান, কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার সামগ্রিক অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।

