বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাকে আগামী ১৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় দুদকের প্রধান কার্যালয়ে সশরীরে হাজির হয়ে বক্তব্য প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের পরিচালক মো. আবুল হাসনাতের স্বাক্ষরিত নোটিসে বলা হয়েছে, এস এম শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বক্তব্য শোনা ও গ্রহণ করা একান্ত প্রয়োজন।
এই অভিযোগ অনুসন্ধানের জন্য দুদকের পরিচালক মো. আবুল হাসনাতকে দলনেতা এবং উপপরিচালক মোজাম্মিল হোসেনকে সদস্য করে দুই সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। নোটিসের তথ্য অনুযায়ী, শফিউদ্দিনের বিরুদ্ধে এই অভিযোগের অনুসন্ধান প্রক্রিয়া শুরু হয়েছিল ২০২৫ সালের ১৪ ডিসেম্বর।
দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বর্তমানে অভিযোগটি অনুসন্ধান পর্যায়ে রয়েছে। অনুসন্ধান শেষে সংশ্লিষ্ট দল কমিশনে প্রতিবেদন জমা দেবে। অভিযোগের পক্ষে তথ্যপ্রমাণ পাওয়া গেলে কমিশন মামলা করার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। তবে অভিযোগের সত্যতা না পাওয়া গেলে অনুসন্ধান নিষ্পত্তিও হতে পারে।
উল্লেখ্য, জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের ২৪ জুন জেনারেল আজিজ আহমেদের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পান। তিন বছর দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ২৩ জুন তিনি অবসরে যান। সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করেছিলেন। সরকার পরিবর্তনের পর সাবেক সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ, অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুদক ধারাবাহিকভাবে বিভিন্ন অনুসন্ধান শুরু করেছে এবং অনেকের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।

