বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় দায়ের করা সোহাগ মিয়া হত্যা মামলায় জামিন পেয়েছেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও আওয়ামী লীগ নেতা আ স ম ফিরোজ। রোববার দুপুরে হাইকোর্টের একটি বেঞ্চ তার জামিনের এই আদেশ দেন।
গত ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে যান আ স ম ফিরোজ। পরবর্তীতে ওই বছরের ২৩ আগস্ট রাজধানীর বনানী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলার বিবরণী থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে ভাটারা থানাধীন ফরাজী হাসপাতালের সামনে পুলিশের গুলিতে প্রাণ হারান সোহাগ মিয়া। এই ঘটনার পর ২০ আগস্ট নিহতের বাবা শাফায়েত হোসেন বাদী হয়ে ভাটারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে আ স ম ফিরোজকে আসামি করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আ স ম ফিরোজ।

