ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল মজুতের নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যা দেশটির মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ। শুক্রবার (২৮ আগস্ট) এক নজিরবিহীন ঘোষণায় এই তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস করতে ক্রুড অয়েলের নতুন উৎস নিশ্চিত করা এবং মার্কিন কোম্পানিগুলোর মাধ্যমে ওপেকভুক্ত দেশ ভেনেজুয়েলার বিপর্যস্ত জ্বালানি খাতকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই ওয়াশিংটন এই পদক্ষেপ গ্রহণ করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই চুক্তিটিকে ‘বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় তেল চুক্তি’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের মধ্যে কয়েক সপ্তাহের নিবিড় দ্বিপাক্ষিক আলোচনার পর এই সমঝোতা সম্পন্ন হয়েছে। চুক্তির আওতায় মার্কিন কোম্পানিগুলো ভেনেজুয়েলার নির্দিষ্ট কিছু তেলক্ষেত্রে দীর্ঘমেয়াদে প্রবেশের সুযোগ পাবে এবং উৎপাদিত অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে সরবরাহ নিশ্চিত করা হবে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার প্রায় নয় মাস পর ট্রাম্পের এই ঘোষণা এল। মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার ও মাদক সন্ত্রাসবাদের অভিযোগ রয়েছে। এদিকে, ইরান যুদ্ধ ছয় মাসে পদার্পণ করায় মার্কিন যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম নিয়ে ব্যাপক চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় দেশটি ইতিমধ্যে নিজেদের কৌশলগত মজুত থেকেও বিপুল পরিমাণ তেল বাজারে ছেড়েছে।
ভেনেজুয়েলায় বিশ্বের অন্যতম বৃহৎ তেলের মজুত রয়েছে, যার পরিমাণ আনুমানিক ৩০৩ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল। এটি বৈশ্বিক মোট মজুতের প্রায় ১৭ শতাংশ। তবে চরম অবকাঠামোগত সংকটের কারণে বর্তমানে দেশটি বিশ্বের মোট তেল উৎপাদনের মাত্র ১ শতাংশ উৎপাদন করতে সক্ষম।

