বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি বাড়াল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ অনুমোদনের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। এ সংক্রান্ত একটি মেমো বিশ্ববিদ্যালয়গুলোর কাছে পাঠানো হয়েছে, যেখানে স্পষ্ট করা হয়েছে যে, নির্ধারিত নিয়ম মেনে চলতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমোদন বা সার্টিফিকেশন বাতিল করা হতে পারে।

গত ২৪ আগস্ট জারি করা ওই মেমোতে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) অধীনে পরিচালিত ‘স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রামের’ (এসইভিপি) পর্যবেক্ষণের কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ‘কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং’ (সিপিটি) অনুমোদনের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। অথচ বিদ্যমান নিয়ম অনুযায়ী, কেবল পাঠ্যক্রমের অপরিহার্য অংশ হিসেবেই এই সিপিটি প্রদানের বিধান রয়েছে।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এক বিবৃতিতে জানিয়েছে, এই নিয়মাবলীতে নতুন করে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে বিশ্ববিদ্যালয় ও নিয়োগকর্তাদের সতর্ক করা হয়েছে যে, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের অধীনে এই উদার ব্যবস্থার কোনো ধরনের অপব্যবহার আর সহ্য করা হবে না।

সরকারি এই নতুন নির্দেশনার প্রেক্ষিতে ইউসিএলএ-র এক মুখপাত্র জানিয়েছেন, সরকারি নিয়মাবলী পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নির্ধারণ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দিষ্ট কিছু কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং অনুমোদন স্থগিত রেখেছে।