নেপালের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে বাকৃবি, মোমবাতি প্রজ্বালন ও শোক

নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে অসংখ্য মানুষের মৃত্যু এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় শোক ও সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। শুক্রবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের পাশে আমতলায় বাকৃবির ইন্টারন্যাশনাল ডেস্কের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের নেপালি শিক্ষার্থী, আন্তর্জাতিক শিক্ষার্থী এবং বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কর্মসূচির শুরুতে নেপালের দুর্যোগে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করা হয়। এরপর নিহতদের আত্মার শান্তি কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক অধ্যাপক ড. আরিফুল ইসলাম এবং সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে নেপালি শিক্ষার্থীরা নিজেদের দেশের ভয়াবহ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মানবিক ও আর্থিক সহায়তার আহ্বান জানান। ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী জারুরি পাচাই বলেন, আমার জন্মভূমি নেপাল এখন এক অনিশ্চিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। যারা বেঁচে আছেন, তাদের মৌলিক লড়াই করতে হচ্ছে। তাই শুধু সহানুভূতি যথেষ্ট নয়, বাস্তব সহায়তা প্রয়োজন। একই অনুষদের আরেক শিক্ষার্থী অ্যাঞ্জেল গুরুঙ জানান, তারা বাংলাদেশে অবস্থান করেও ক্ষতিগ্রস্তদের সহায়তায় তহবিল সংগ্রহের উদ্যোগ নিচ্ছেন। দিবাকাস কাফলে নামে আরেক শিক্ষার্থী এই আয়োজনের জন্য বাকৃবি ও ইন্টারন্যাশনাল ডেস্কের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নেপালের দুর্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সহযোগিতার আহ্বান জানান।

ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম বলেন, এই গভীর শোকের সময়ে বাকৃবি পরিবার নেপালের সরকার ও তাদের জনগণের পাশে রয়েছে। বাংলাদেশ সরকার ও জনগণও নেপালের এই কঠিন সময়ে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমসহ সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানে প্রস্তুত আছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, নেপালের এই দুর্যোগে আমরা গভীরভাবে সমব্যথী। যদিও এখনো নিশ্চিত হওয়া যায়নি যে আমাদের কোনো শিক্ষার্থীর পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগ তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে।