ইসলামী সহযোগিতা সংস্থা-ওআইসির নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মৌরিতানিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অভিজ্ঞ কূটনীতিক ইসমাইল উলদ শেখ আহমেদ। বৃহস্পতিবার জেদ্দায় ওআইসির সদর দপ্তরে আয়োজিত পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের ২৩তম বিশেষ অধিবেশনে তিনি আনুষ্ঠানিকভাবে বিদায়ি মহাসচিব হিসেইন ব্রাহিম তাহার স্থলাভিষিক্ত হন। ৫৭টি সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে তিনি তার নতুন দায়িত্বের শপথ গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইসমাইল উলদ শেখ আহমেদ সদস্য দেশগুলোর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আপনারা আমাকে যেভাবে নির্বাচিত করেছেন, তা আমার কর্মজীবনের সবচেয়ে বড় সম্মান এবং আন্তর্জাতিক, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে সেবা দেওয়ার পর আমার অর্জিত সর্বোচ্চ স্বীকৃতি।” নতুন মহাসচিব সংস্থাটির সদস্য দেশগুলোর প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নিজের অগ্রাধিকারের বিষয়ে তিনি জানান, ফিলিস্তিন ইস্যু ওআইসির আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। রাজনৈতিক, মানবিক ও সাংস্কৃতিক দিক থেকে ফিলিস্তিন পরিস্থিতিকে সংস্থার শীর্ষ অগ্রাধিকার হিসেবে বজায় রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
উল্লেখ্য যে, ৬৬ বছর বয়সী ইসমাইল উলদ শেখ আহমেদ বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী। তিনি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইয়েমেনে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত হিসেবে কাজ করেছেন তিনি। এছাড়াও ২০১৪ সালে লিবিয়ায় জাতিসংঘ মহাসচিবের উপ-বিশেষ প্রতিনিধি, আবাসিক সমন্বয়কারী এবং মানবিক সমন্বয়কারী হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

