গ্রামীণ আবাসন হতে পারে পর্যটন ও আয়ের নতুন উৎস

বাংলাদেশের গ্রামীণ জনপদের চিত্র এখন অনেকটাই বদলে গেছে। দিগন্তজোড়া সবুজ মাঠ কিংবা কুঁড়েঘরের বদলে এখন বনানির আড়ালে গড়ে উঠেছে ছোট-বড় পাকা দালান ও টিনের ঘর। বিশেষ করে প্রবাসী অধ্যুষিত এলাকায় দৃষ্টিনন্দন অট্টালিকা চোখে পড়ার মতো। এছাড়া অনেক মানুষ কর্মব্যস্ত জীবনের অবসরে গ্রামের বাড়িতে ফিরে সময় কাটাতে ছোট বা মাঝারি আকারের দ্বিতীয় আবাস তৈরি করছেন। এসব বাড়ি মূলত ব্যক্তিগত ব্যবহারের জন্য হলেও, সামান্য পরিকল্পনা ও নান্দনিকতা যোগ করলে এগুলো হয়ে উঠতে পারে পর্যটনকেন্দ্রিক হোম স্টে, যা পরিবারের অতিরিক্ত আয়ের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনেরও নতুন উৎস হতে পারে।

আমাদের পর্যটন ব্যবস্থা এখন পর্যন্ত কক্সবাজার, সিলেট বা সুন্দরবনের মতো নির্দিষ্ট কিছু স্থানের মধ্যে সীমাবদ্ধ। অথচ বাংলাদেশের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে গ্রাম থেকে গ্রামে। বিদেশি পর্যটকরা কেবল দর্শনীয় স্থান নয়, বরং স্থানীয় মানুষের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস, কৃষিকাজ ও ঐতিহ্যকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা খুঁজছেন। আধুনিক যোগাযোগ ব্যবস্থা ও অনলাইন প্ল্যাটফর্মের কল্যাণে এই অভিজ্ঞতা বিশ্বের কাছে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

গ্রামকে পর্যটনের আওতায় আনতে হলে ব্যক্তিগত বাড়ির পাশাপাশি স্থানীয় সরকারের ভূমিকা অত্যন্ত জরুরি। ইউনিয়ন পরিষদ ও স্থানীয় প্রতিষ্ঠানগুলো রাস্তাঘাট, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি ও পরিচ্ছন্নতা নিশ্চিত করে পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তুলতে পারে। রিহ্যাব বা আবাসন ব্যবসায়ীদের সংগঠনগুলো বাড়ি তৈরির ক্ষেত্রে নতুন মডেল বা নির্দেশনা দিতে পারে। এছাড়া পর্যটন কর্তৃপক্ষ বা আর্থিক প্রতিষ্ঠান থেকে সহজ শর্তে, যেমন সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার বিশেষ কর্মসূচি চালু করা যেতে পারে।

একটি সফল হোম স্টে গড়ে তোলার জন্য শুধু অবকাঠামোই যথেষ্ট নয়, প্রয়োজন যথাযথ প্রশিক্ষণ। অতিথি ব্যবস্থাপনা, রান্না, খাবার পরিবেশন, প্রাথমিক চিকিৎসা এবং পর্যটকদের সাথে আচরণ ও সাংস্কৃতিক সংবেদনশীলতা সম্পর্কে স্থানীয়দের প্রশিক্ষিত করতে হবে। প্রতিটি হোম স্টে থেকে অন্তত দুজনকে পর্যটন সংস্থার তত্ত্বাবধানে প্রশিক্ষণের পর যোগ্যতার সনদ প্রদান করা যেতে পারে।

পর্যটকদের জন্য একটি কেন্দ্রীয় ও নির্ভরযোগ্য বুকিং ব্যবস্থা থাকা অত্যাবশ্যক। আন্তর্জাতিক ও দেশীয় ট্রাভেল এজেন্সি এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে হোম স্টেগুলোকে যুক্ত করতে হবে, যাতে পর্যটকরা সহজেই ঘর বুক করতে পারেন এবং ইলেকট্রনিক পেমেন্টের সুবিধা পান। নিরাপত্তার বিষয়ে সরকারি ব্যবস্থার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সামাজিক নিরাপত্তাবলয় গড়ে তোলা প্রয়োজন।

পর্যটনবান্ধব গ্রামীণ আবাসন কেবল একটি ব্যবসায়িক প্রকল্প নয়, এটি গ্রামীণ অর্থনীতিতে বড় পরিবর্তনের হাতিয়ার। একজন পর্যটক গ্রামে থাকলে স্থানীয় কৃষক, জেলে, তাঁতি, কারিগর, পরিবহনকর্মী ও ছোট ব্যবসায়ীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উপকৃত হবেন। সরকার চাইলে সরকারি-বেসরকারি অংশীদারত্বে দেশের বিভিন্ন অঞ্চলের বৈশিষ্ট্য অনুযায়ী প্রথম পর্যায়ে কয়েকটি গ্রামে পাইলট প্রকল্প গ্রহণ করতে পারে। বাংলাদেশের গ্রামের প্রাণ, প্রকৃতি ও মানুষের আন্তরিকতা আজও অটুট, যা আধুনিক পর্যটনের সঙ্গে যুক্ত করার এখনই উপযুক্ত সময়।

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৮: ১৮আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৮: ২১

১. বাড়ি নির্মাণে স্থানীয় সরকারের ভূমিকা।