দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের সদ্য ঘোষিত কমিটিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে দুমকি উপজেলা পরিষদের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত ৩ জন আহত হয়েছেন এবং ৪টি মোটরসাইকেল ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জাকির আলম মিলনকে সভাপতি এবং মো. জহিদুল ইসলাম রুবেলকে সাধারণ সম্পাদক করে দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীরা মূল্যায়ন পাননি—এমন দাবি তুলে পদবঞ্চিত একটি পক্ষ বিকেলে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। একই সময়ে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করে অপর একটি পক্ষ। দুই পক্ষের কর্মসূচি একই স্থানে হওয়ায় সেখানে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে পদবঞ্চিত নেতাকর্মীদের ধাওয়ার মুখে নতুন কমিটির নেতাকর্মীরা ঘটনাস্থল ছেড়ে চলে যান। এ সময় ৪টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এই ঘটনায় আহতরা হলেন—দুমকি উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সৈয়দ রিয়াদ (৩১), যিনি জাহাঙ্গীর মিরার ছেলে; জনতা কলেজের সাবেক ছাত্রদল নেতা ও দেলোয়ার জমাদ্দারের ছেলে শাকিল জমাদ্দার (২৭) এবং দুমকি উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও আবদুল সতার হাওলাদারের ছেলে আবদুল ওয়াব (৩২)।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, একই স্থানে যুবদলের দুই পক্ষের কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।