আগামী সপ্তাহ থেকে বীমা গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধ শুরু

আর্থিক সংকটে পড়া বীমা কোম্পানিগুলোর সম্পদ বিক্রি এবং ট্রেজারি বন্ড ও এফডিআরসহ বিভিন্ন আর্থিক সম্পদ নগদায়ন করে গ্রাহকদের পাওনা পরিশোধের উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আগামী সপ্তাহ থেকে এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রথম পর্যায়ে সাত থেকে আটটি কোম্পানির গ্রাহকদের দাবি পরিশোধের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।

শুক্রবার দুই দিনব্যাপী আয়োজিত এক আবাসিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। কর্মশালাটির আয়োজন করে ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ)। আইডিআরএ চেয়ারম্যান জানান, এরই মধ্যে কয়েকটি কোম্পানির সম্পদ বিক্রির অর্থ আইডিআরএ-এর তদারকিতে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা হয়েছে। তিনি বলেন, কোম্পানিগুলোর জমি বিক্রি ও সম্পদ লিকুইডেট হওয়ার সাথে সাথে ব্যাংকে আসা অর্থ গ্রাহকদের মধ্যে ধারাবাহিকভাবে বিতরণ করা হবে।

দাবি পরিশোধের ক্ষেত্রে ‘ফার্স্ট ইন, ফার্স্ট আউট’ (এফআইএফও) পদ্ধতি অনুসরণ করা হবে। অর্থাৎ, যে গ্রাহকের দাবি আগে এসেছে, তাকে অগ্রাধিকার ভিত্তিতে অর্থ প্রদান করা হবে। প্রতিটি কোম্পানির জন্য আলাদা ব্যাংক হিসাব খোলা হয়েছে এবং সেখানে নিরীক্ষক রাখা হয়েছে। কোম্পানিগুলোর সরাসরি অর্থ ব্যবহারের সুযোগ না রেখে আইডিআরএ-এর তদারকিতে যাচাইকৃত তালিকা অনুযায়ী এই অর্থ পরিশোধ করা হবে।

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিষয়ে মীর নাদিয়া নিভিন জানান, কোম্পানিটির প্রায় ৩ হাজার কোটি টাকার দাবি বকেয়া রয়েছে। ফেনীতে থাকা কোম্পানিটির জমি ও কিছু বন্ড বিক্রি করে পাওয়া অর্থ দিয়ে আগামী সপ্তাহেই দাবি পরিশোধ শুরু হবে। বড় অংকের দাবি নিষ্পত্তির পর কোম্পানিটির ব্যবসা পরিচালনার সক্ষমতা মূল্যায়ন করা হবে। আপাতত প্রতিষ্ঠানটির নতুন প্রিমিয়াম গ্রহণ বন্ধ রাখা হলেও নবায়ন প্রিমিয়াম নেওয়ার সুযোগ রয়েছে। কোম্পানিটির আরও জমি বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হচ্ছে।

আইডিআরএ চেয়ারম্যান জানান, বীমা খাতে গ্রাহকদের আস্থা ফেরানোই কর্তৃপক্ষের প্রধান লক্ষ্য। ফারইস্টের মতো অন্যান্য সমস্যাগ্রস্ত কোম্পানির সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমেও পর্যায়ক্রমে দাবি পরিশোধ করা হবে। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের দুই মাসের মধ্যেই গ্রাহকদের স্বার্থ রক্ষায় এ প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করতে পেরে তিনি আনন্দিত। অনুষ্ঠানে আইআরএফ সভাপতি গোলাম মাওলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সিইও মো. কাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।

ফারইস্টের পাশাপাশি সমস্যাগ্রস্ত আরও কয়েকটি কোম্পানির গ্রাহকদেরও পর্যায়ক্রমে দাবি পরিশোধ করা হবে বলে জানান আইডিআরএ চেয়ারম্যান। তিনি বলেন, ফারইস্টের সব সম্পদ ও বন্ড তরলীকরণ করা হলে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা পাওয়া যেতে পারে। এই অর্থ দিয়ে বড় একটি অংশের দাবি নিষ্পত্তির পর কোম্পানিটির ব্যবসা পরিচালনার সক্ষমতা ও ভবিষ্যৎ পরি