মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের আগ্রহের বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত সব ঘটনার ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছে। শুক্রবার নয়া দিল্লিতে অনুষ্ঠিত মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি আরও যোগ করেন, নিরাপত্তা সুরক্ষার স্বার্থে ভারত সবসময়ই প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে।
মক্কা চুক্তি প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে রণধীর জয়সওয়াল জানান, বিশেষ করে ভারতের নিরাপত্তা সংক্রান্ত বিষয় হলে তারা বাড়তি সতর্কতা অবলম্বন করেন। এর আগে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন। পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চুক্তিটিকে ইতিবাচক হিসেবে বর্ণনা করে বলেছিলেন, এটি মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা এবং এটি তাদের অভ্যন্তরীণ বিষয়।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আরও উল্লেখ করেন যে, মক্কা চুক্তিতে যোগদান বা না করার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এটি মূলত চুক্তির সদস্য দেশগুলোর অভিপ্রায়ের ওপর নির্ভর করছে। সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশকে অন্তর্ভুক্ত করতে চাইলে, বাংলাদেশ বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।
ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক হামলার বিষয়েও প্রশ্ন করা হয়। এ বিষয়ে বাংলাদেশ সরকারের ভূমিকা নিয়ে জানতে চাইলে রণধীর জয়সওয়াল কোনো বিরূপ মন্তব্য করেননি। তিনি কেবল বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা করা বাংলাদেশ সরকারের দায়িত্ব এবং তাদের সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা উচিত।
শুক্রবার (২৮ আগস্ট) নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

