বিগত ১৫ বছরের নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

বিগত ১৫ বছরের দুর্বল কূটনৈতিক অবস্থান থেকে বেরিয়ে এসে দেশের নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানিয়েছেন, বর্তমান সরকারের স্বাবলম্বী ও সুদৃঢ় পররাষ্ট্রনীতির সুবাদে বাংলাদেশ এখন বিশ্ব দরবারে নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে নওগাঁ-৩ আসনের সরকারি দলের সদস্য মো. ফজলে হুদার এক সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর সফল ও দূরদর্শী পররাষ্ট্রনীতির কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ানোর সামর্থ্য অর্জন করেছে। এই দিকনির্দেশনামূলক নেতৃত্বের ওপর ভর করেই দেশের পররাষ্ট্রনীতিকে আরও সুসংগঠিতভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া হবে।

বিদেশে অবস্থানরত বাংলাদেশের দূতাবাসগুলোর কাজের মান এবং বৈদেশিক শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, নতুন শ্রমবাজার অনুসন্ধান, বিদেশে কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিক রফতানি বৃদ্ধি কিংবা বাণিজ্য বিনিময়ে সফল মিশনগুলোর জন্য কোনো বিশেষ ‘রিওয়ার্ড ব্যবস্থা’ বা পুরস্কার পদ্ধতি চালু করা যায় কি না, তা বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে।

পূর্ববর্তী সরকারের সমালোচনা করে ড. খলিলুর রহমান বলেন, বিগত ১৫ বছর যে দুঃশাসন চলেছে, তাতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও বিভিন্ন কূটনৈতিক মিশনগুলো কার্যত সরকারের নিয়ন্ত্রণে ছিল না। সে সময় দূতাবাসগুলোর সার্বিক কার্যক্রম তদারকি, প্রবাসীদের সেবা দেওয়া কিংবা দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ সুরক্ষার ব্যাপারে আগের সরকারের কোনো আগ্রহ বা কার্যকর তদারকি দৃশ্যমান ছিল না। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সেই স্থবির ও অকার্যকর অবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে।

কূটনৈতিক মিশনগুলোর জবাবদিহিতা ও দক্ষতা বাড়াতে নতুন উদ্যোগের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিটি দূতাবাসের কাজের মান মূল্যায়নের জন্য সরকার ‘কী পারফরম্যান্স ইন্ডিকেটর’ (কেপিআই) ব্যবস্থা প্রস্তুত করছে। এই কেপিআই মূল্যায়নের ভিত্তিতেই ভবিষ্যতে প্রতিটি দূতাবাসের কাজের মান ও গ্রেডিং নির্ধারণ করা হবে।

তিনি আরও আশ্বস্ত করেন যে, আগামী জাতীয় বাজেট পেশের সময় প্রতিটি দূতাবাসের সাফল্য, ব্যর্থতা ও কাজের হালনাগাদ তথ্য আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্যদের সামনে উপস্থাপন করা হবে। কারণ এই তথ্যগুলো জানার পূর্ণ অধিকার সংসদ সদস্যদের রয়েছে। একই সঙ্গে দেশের আয়তন, অর্থনৈতিক অগ্রাধিকার এবং বৈশ্বিক কূটনীতির গুরুত্বের তুলনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিদ্যমান বাজেট বরাদ্দ অত্যন্ত অপ্রতুল বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।