নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ৩ কোটি ১০ লাখ মার্কিন ডলারের জরুরি তহবিল সংগ্রহের আবেদন জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)। সুইজারল্যান্ডভিত্তিক এই সংস্থাটি বৃহস্পতিবার এ সংক্রান্ত আবেদনটি প্রকাশ করে। এর আগে, তাৎক্ষণিক প্রাণরক্ষাকারী কার্যক্রম পরিচালনার জন্য তারা ১০ লাখ সুইস ফ্রাঁ বরাদ্দ দিয়েছিল।
আইএফআরসি জানিয়েছে, এই তহবিল আগামী দুই বছর ধরে ব্যবহার করা হবে। এর আওতায় প্রথমে জরুরি দুর্যোগ মোকাবিলা এবং পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন ও স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনার কাজ করা হবে। আইএফআরসির মহাসচিব জগন চাপাগাঁই এক বিবৃতিতে বলেন, দুর্যোগের ভয়াবহতা ক্রমশ স্পষ্ট হচ্ছে। অনেক গ্রাম পানির তোড়ে ভেসে গেছে এবং আগামী দিনগুলোতে মানুষের প্রয়োজনীয়তা আরও বাড়বে। ঘরবাড়ি ও জীবিকা হারানো মানুষগুলোর নতুন করে জীবন গড়ার জন্য দীর্ঘমেয়াদি সহায়তার ওপর তিনি জোর দেন।
প্রাথমিক হিসাবে এই দুর্যোগে প্রায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্গম এলাকাগুলোতে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করা এখনও কঠিন হয়ে পড়েছে। যোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ত্রাণ পৌঁছানোও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। রেড ক্রসের এই তহবিল নেপাল রেড ক্রসের স্থানীয় দলগুলোর কার্যক্রমে সহায়তা করবে। এর আওতায় আশ্রয়, নগদ সহায়তা, প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী, বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি, মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপনের ব্যবস্থা থাকবে।
আইএফআরসি জানিয়েছে, নেপাল রেড ক্রসের (এনআরসি) দলগুলো ইতোমধ্যে দুর্গতদের খাবার, পানি এবং ত্রাণসামগ্রী সরবরাহ করছে। এসব সামগ্রীর মধ্যে রয়েছে ত্রিপল, কম্বল, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, স্ট্রেচার ও মরদেহ বহনের ব্যাগ। উল্লেখ্য, আইএফআরসি বিশ্বের সবচেয়ে বড় মানবিক সহায়তা নেটওয়ার্ক বা সংস্থা।

