জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনের কার্যক্রমের শেষ সময়ে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সদস্যরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টা পাঁচ মিনিটে এই ওয়াকআউটের ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
সংসদ থেকে বেরিয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শফিকুর রহমান বলেন, জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় আলোচনার টেবিলে থাকা সত্ত্বেও অধিবেশনের শুরুতেই কয়েকটি বিশেষ কমিটি গঠন প্রক্রিয়া শুরু করা হয়েছে। তার মতে, এসব কমিটির চেয়ে গণভোটের রায় মেনে সংস্কার কার্যক্রম পরিচালনা করা অধিক জরুরি ছিল।
তিনি আরও অভিযোগ করেন, সরকারি দল জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পরিবর্তে ক্রমাগত সময়ক্ষেপণ করছে। এই পরিস্থিতির প্রতিবাদেই বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করার সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান।

