সংসদে মানবাধিকার ও গুম প্রতিরোধসহ তিনটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন

মানবাধিকার সুরক্ষা জোরদার করা, গুম বা এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সকে ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত ও দণ্ডনীয় করা এবং সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে আজীবন ভোগদখলের অধিকার প্রবর্তনের লক্ষ্যে তিনটি পৃথক বিল আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’ এবং ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ বিলটি উত্থাপন করেন। বিলগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করা হলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তা গ্রহণ করেন এবং দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’-এর আওতায় ২০০৯ সালের আইনটি রহিত করে একটি স্বাধীন ও কার্যকর কমিশন গঠনের নতুন আইনি কাঠামো প্রস্তাব করা হয়েছে। আইনমন্ত্রী জানান, আন্তর্জাতিক মানবাধিকার দলিলের প্রতি রাষ্ট্রের অঙ্গীকার পূরণে এই স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক কাঠামো প্রণয়ন করা হচ্ছে। প্রস্তাবিত কমিশনে একজন চেয়ারম্যান ও চারজন কমিশনার থাকবেন, যার মধ্যে অন্তত একজন নারী সদস্য থাকা বাধ্যতামূলক। এছাড়া, কমিশনের এখতিয়ার বৃদ্ধি, অভিযোগ দায়ের প্রক্রিয়া সহজ করা এবং তদন্তকালে ভুক্তভোগীদের সুরক্ষায় অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়ার ক্ষমতা অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী উত্থাপিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’-এ গুমের অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। ভুক্তভোগীর মৃত্যু হলে বা পাঁচ বছরের বেশি সময় নিখোঁজ থাকলে অপরাধীর মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ এক কোটি টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছে। গুমকে আমলযোগ্য, অজামিনযোগ্য ও আপস-অযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে। বিলে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে আদালতের তল্লাশি পরোয়ানা জারি, ডিজিটাল প্রমাণ গ্রহণ এবং সাক্ষী ও ভুক্তভোগীর সুরক্ষার বিধান রাখা হয়েছে। পাশাপাশি, ভুক্তভোগী পরিবারকে আইনি সহায়তা ও ক্ষতিপূরণের জন্য রাষ্ট্রীয় তহবিলের প্রস্তাব রয়েছে। তবে, এই আইনে কোনো স্বাধীন তদন্তকারী সংস্থা গঠনের কথা উল্লেখ করা হয়নি এবং তদন্তের দায়িত্ব পুলিশের ওপরই থাকছে।

তৃতীয় বিল হিসেবে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’-এ ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এই সংশোধনীর মাধ্যমে বাবা-মা, দাদা-দাদি বা রক্ত-সম্পর্কীয় ও স্বামী-স্ত্রীর কাছে সম্পত্তি হস্তান্তরের পরেও দাতার জীবদ্দশায় তা ব্যবহার ও ভোগ করার আইনগত অধিকার নিশ্চিত করা হবে। আইনমন্ত্রী জানান, নতুন ১২২এ ও ১২২বি ধারা সংযোজনের মাধ্যমে এই বিধান সব ধর্মাবলম্বীর ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হবে এবং এটি প্রচলিত হেবা বা অন্যান্য দান পদ্ধতির সঙ্গে কোনো বিরোধ সৃষ্টি করবে না।

উল্লেখ্য যে, অন্তর্বর্তী সরকারের জারি করা বেশ কয়েকটি অধ্যাদেশের মেয়াদ শেষ হওয়ায় এবং সংবিধান নির্ধারিত সময়ে সংসদের অনুমোদন না পাওয়ায় আইনগত কার্যকারিতা হারানো ২০টি অধ্যাদেশের প্রেক্ষাপটে এই বিলগুলো সংসদে উত্থাপন করা হলো।