সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর আচরণে ক্ষুব্ধ জামায়াত আমির শফিকুর রহমান

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্ব চলাকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর তারকাচিহ্নিত প্রশ্নের প্রেক্ষিতে মন্তব্য করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'স্পিকার, এটা প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারিনি।' তার এই বক্তব্যের পরপরই বিরোধী দলের সংসদ সদস্যরা তীব্র প্রতিবাদ জানান, যা একপর্যায়ে হট্টগোলে রূপ নেয়।

পরিস্থিতি শান্ত করার চেষ্টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, এটি আওয়ামী লীগের আমল নয় এবং বর্তমান সরকার সমালোচনার সুযোগ দিচ্ছে। তিনি বিরোধীদলীয় নেতাকে পরে কথা বলার সুযোগ দেওয়ার আশ্বাস দেন এবং সংসদ পরিচালনায় নিরপেক্ষ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। স্পিকার আরও সতর্ক করেন যে, পরমতসহিষ্ণুতা না থাকলে গণতন্ত্র ব্যর্থ হবে।

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তার বক্তব্যের স্বপক্ষে সাফাই গেয়ে বলেন, শব্দচয়ন নিয়ে আপত্তি থাকলে তার জবাব দেওয়ার অধিকার তার রয়েছে। তিনি বিরোধী দলের সদস্যদের উদ্দেশে বলেন, 'আপনারা সারাদিন দাঁড়িয়ে থাকতে পারলে আমিও পারবো। যদি কথা না বলতে দেন, তাহলে কীসের বাক্‌স্বাধীনতা?' একই সঙ্গে তিনি বিরোধী দলের সদস্যদের গ্রেপ্তার বা মামলা সংক্রান্ত বিষয়ে সাধারণ অভিযোগ না করে সুনির্দিষ্ট তথ্য প্রদানের আহ্বান জানান।

পরে স্পিকার বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে বক্তব্য দেওয়ার সুযোগ দিলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া সমালোচনা করেন। ডা. শফিকুর রহমান বলেন, 'আমি সম্মান রেখেই বলতে চাই, আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসিনি। শিক্ষকতা করতে চাইলে ইউনিভার্সিটিতে গিয়ে করুক।' তিনি অভিযোগ করেন যে, অধিবেশনের শুরু থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের সদস্যদের তুচ্ছতাচ্ছিল্য করে আসছেন। এই আচরণের প্রতিবাদে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ বা বাদ দেওয়ার দাবি জানান।