সিরাজগঞ্জ জেলায় ট্রাফিক আইন অমান্য করা এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় গত সাত মাসে বিভিন্ন যানবাহনের মালিক ও শ্রমিকদের কাছ থেকে প্রায় পৌনে দুই কোটি টাকা জরিমানা আদায় করেছে জেলা ট্রাফিক পুলিশ বিভাগ। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত সময়ে এই রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করা হয়, যা ইতিমধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন ও প্রসিকিউশন) মো. মোফাকখারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বছরের প্রথম সাত মাসে সড়কপথে বিভিন্ন ধরনের ট্রাফিক নিয়ম লঙ্ঘনের দায়ে জেলা ট্রাফিক পুলিশ মোট ৩ হাজার ২১টি মামলা দায়ের করেছে। এসব মামলার বিপরীতে সরকারের রাজস্ব খাতে মোট ১ কোটি ৮০ লাখ ৩১ হাজার ৯৭৫ টাকা জমা হয়েছে।
তীব্র গরমের মধ্যেও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে উল্লেখ করে মো. মোফাকখারুল ইসলাম বলেন, প্রচণ্ড তাপদাহের মাঝেও ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। দিনরাত এই কঠোর পরিশ্রমের ফলে সড়কে বিশৃঙ্খলা কমেছে এবং সাধারণ মানুষ ও যাত্রীরা স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন। এই সফলতার জন্য ট্রাফিক বিভাগের ভূমিকা প্রশংসিত হচ্ছে।
এদিকে সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু জানান, সড়কে তাৎক্ষণিকভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট নিয়ন্ত্রণে পুলিশ বিভাগের পেট্রোল টিম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই টিমটি নিয়মিত রাস্তায় সক্রিয় রয়েছে এবং কোথাও কোনো বিশৃঙ্খলা বা যানজটের সৃষ্টি হলে সাথে সাথে ব্যবস্থা নিচ্ছে। জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল দায়িত্ব ও কর্তব্য বলে তিনি মন্তব্য করেন।

