সিরাজগঞ্জে উদ্ধার হওয়া ৫৩টি মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

সিরাজগঞ্জে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া অর্ধশতাধিক মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ। উদ্ধার হওয়া মোট ৫৩টি মোবাইল ফোন শনিবার (২২ আগস্ট) প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উদ্ধারকৃত ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই উদ্যোগে সন্তোষ জানান।

পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়, জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর সার্বিক দিক-নির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হয়েছে। জেলা পুলিশের সাইবার ইউনিট ও সংশ্লিষ্ট থানা পুলিশের সমন্বিত প্রচেষ্টায় বিভিন্ন থানা এলাকা থেকে এই ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে।