বাগেরহাটের মোংলায় মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৩ বছর বয়সী এক কিশোরীকে মৎস্যঘেরের পাড়ে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে সুমন নামে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মোংলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট দুপুরে মোংলার সিগন্যাল টাওয়ার এলাকার একটি মৎস্যঘেরের পাড়ে এই ঘটনা ঘটে। সুমন মাছ দেওয়ার কথা বলে ওই কিশোরীকে ঘেরের পাড়ে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক শ্লীলতাহানি করা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে কিশোরীকে ঘেরের পাড়ে নিয়ে যাওয়ার পর তার মুখ চেপে ধরে জোরপূর্বক শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার বিষয়টি কাউকে জানালে তাকে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছিল বলেও জানান তিনি।
পুলিশ জানায়, ঘটনার পর কিশোরী প্রথমে বিষয়টি কাউকে জানায়নি। পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে সে তার মামিকে ঘটনাটি খুলে বলে। এরপর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর গত ২১ আগস্ট শুক্রবার দুপুরে মোংলা থানা পুলিশ অভিযান চালিয়ে পৌরসভার সিগন্যাল টাওয়ার এলাকা থেকে অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে এবং ঘটনার বিষয়ে তদন্ত ও অন্যান্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

