রাজধানীর উত্তরায় ডিএল ফিলিং স্টেশনের এক কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা ডাকাতির ঘটনায় ব্যবহৃত পালসার মোটরসাইকেলটি উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে খিলগাঁও নন্দীপাড়া এলাকার হাফিজ উদ্দিন মাস্টার রোডের একটি ভবনের গ্যারেজে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি জব্দ করা হয়।
ডিবি উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, এই ডাকাতির ঘটনায় গ্রেপ্তার সাগর বাড়ৈ (৪০)-কে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই ডিবি উত্তরা বিভাগের একটি দল ওই গ্যারেজে অভিযান পরিচালনা করে। শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবির।
সংবাদ সম্মেলনে ডিসি মো. ইলিয়াস কবির বলেন, উত্তরায় ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনাটি ডিবি শুরু থেকেই অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাগর বাড়ৈসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ছিনতাই হওয়া বেশ কিছু টাকা এবং বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, এই ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০০: ৪৫আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০০: ৪৬

