‘অ্যানাকোন্ডা কৌশল’ দিয়ে ইরানকে কাবু করার চেষ্টা ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে সরাসরি সামরিক সংঘাত কিছুটা থিতিয়ে এলেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শুরু হয়েছে এক নজিরবিহীন অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধ। ইরানকে আলোচনার টেবিলে নতি স্বীকারে বাধ্য করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রয়োগ করছেন এক কঠোর ‘অ্যানাকোন্ডা কৌশল’। যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো কোনো ধরনের জাতীয় পরিকাঠামো ধ্বংস না করে, কেবল অর্থনৈতিকভাবে শ্বাসরোধ করার মাধ্যমে তেহরানের শাসনব্যবস্থাকে কোণঠাসা করা।

এই কৌশলের প্রধান হাতিয়ার হিসেবে কাজ করছে নৌ-অবরোধ। মার্কিন নৌবাহিনী কেবল হরমুজ প্রণালিতেই নয়, বরং ভারত মহাসাগরেও অবস্থান নিয়ে ইরানের জ্বালানি তেল চোরাচালানের গোপন জাহাজের বহর বা ‘শ্যাডো ফ্লিট’ জব্দ করছে। চীন ও ভারতে ইরানের সস্তায় তেল পাঠানো প্রতিহত করার পাশাপাশি ক্ষেপণাস্ত্র তৈরির কাঁচামাল আমদানিও বন্ধ করে দিয়েছে ওয়াশিংটন। এর ফলে ইরানের তেলখনি ও খারগ দ্বীপের ট্যাংকারগুলো ধারণক্ষমতার শীর্ষে পৌঁছে গেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, দেশটির খনিগুলো থেকে অপরিশোধিত তেল উত্তোলন পুরোপুরি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, যা তাদের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ধসের দিকে ঠেলে দিচ্ছে।

নৌ-অবরোধ ছাড়াও ডিজিটাল অর্থনীতির ওপর বড় ধরনের আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ব্যবহৃত লাখ লাখ ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট জব্দ করেছে। একই সঙ্গে ইরানের কাছ থেকে গোপনে তেল কেনা ছোট ছোট চীনা শোধনাগারগুলোর ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন। মার্কিন নীতিনির্ধারকদের ধারণা, সরাসরি অবকাঠামোতে হামলা চালালে সাধারণ ইরানিরা সরকারের পক্ষে জাতীয়তাবাদী আবেগে ঐক্যবদ্ধ হতে পারে। কিন্তু এই অর্থনৈতিক অবরোধ দীর্ঘায়িত হলে সাধারণ জনগণের তীব্র গণবিক্ষোভের মুখে তেহরানের আয়াতুল্লাহ সরকার বা আইআরজিসির অস্তিত্বই হুমকির মুখে পড়বে।

তবে তেহরানও এই পরিস্থিতিতে হাত গুটিয়ে বসে নেই। তারা মূলত সময়ক্ষেপণের কৌশল নিয়েছে। হরমুজ প্রণালিতে সংকট জিইয়ে রেখে বিশ্ব জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, সেটিকে নিজেদের অনুকূলে ব্যবহার করতে চায় ইরান। তেহরানের বাজি হলো, বিশ্বজুড়ে তেলের দাম বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ওপর চাপ বাড়লে ওয়াশিংটনই শেষ পর্যন্ত নতি স্বীকার করবে।

অবশ্য ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা বিশ্লেষকদের মতে, কেবল অর্থনৈতিক অবরোধ দিয়ে তেহরানের কট্টরপন্থী শাসনকে কাবু করা কঠিন। তাদের ধারণা, মূল অবকাঠামোতে কঠোর সামরিক আঘাত ছাড়া ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে সরানো সম্ভব নাও হতে পারে। অন্যদিকে, তেহরানের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের বিশ্লেষক আলী আকবর দারে ইনি আল-জাজিরাকে বলেন, ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধে এ পর্যন্ত জিততে ব্যর্থ হয়েছেন, তা শেষ করতেই এই ‘অ্যানাকোন্ডা কৌশল’ বেছে নিয়েছেন। অ্যানাকোন্ডা যেভাবে পেঁচিয়ে ধরে শিকারের শ্বাসরোধ করে, যুক্তরাষ্ট্রও ঠিক তা-ই করছে। তবে দারে ইনি মনে করেন, ইরান অতীতেও নিষেধাজ্ঞা সহ্য করেছে এবং ভবিষ্যতেও করবে। ট্রাম্প মূলত এমন এক যুদ্ধে আটকে গেছেন, যেখান থেকে জেতা বা বের হওয়া কোনোটিই তাঁর পক্ষে সম্ভব নয়।